লাঠি-বৈঠা হাতে সমাবেশে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা 

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৫:০৫

আজ দুপুর ২টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে ঢাকার আশপাশের এলাকা থেকে ইতোমধ্যে ঢাকায় প্রবেশ করেছেন নেতাকর্মীরা। ঢাকার আশেপাশের এলাকা থেকে নেতাকর্মীদের পাইপ, বৈঠা ও লাঠি  হাতে মিছিল নিয়ে সমাবেশে যেতে দেখা যায়। দুপুর দেড়টার পর থেকে আওয়ামী নেতাকর্মীদের লাঠি, বৈঠা, পাইপ হাতে সমাবেশের দিকে যেতে দেখা যায়। 

সরেজমিনে দেখা যায়, টিএসসি, ভিসি চত্বর, মুক্তি ও গণতন্ত্র তোরণ,মল চত্বর সহ ক্যাম্পাসের সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাইপ, লাঠি ও বৈঠা হাতে দাঁড়িয়ে আছে। কোন কোন গ্রুপ আবার ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় লাঠি উঁচু করে 'জয় বাংলা, জয় বঙ্গ এ-বন্ধু' বলে স্লোগান দিচ্ছে। মল-চত্বরে মানিকগঞ্জ জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে পাইপ ও লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

গাজীপুর থেকে আসা আওয়ামী নেতাকর্মীরা পাইপ হাতে টিএসসিতে মিছিল করছেন। দোয়েল চত্বর এরিয়ায় পাইপ হাতে মিছিল করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়াও, ময়মনসিংহ জেলা থেকে আস নেতাকর্মীরা শাহবাগ এলাকায় বাঁশ হাতে পুলিশ বক্সের সামনে মিছিল করতে দেখা যায়। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের এমন পরিবেশে উদ্বেগ প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে বায়তুল মোকাররম। অথচ তারা এখানে লগি বৈঠা হাতে স্লোগান দিচ্ছে। প্রশাসন বলছে তাদের এই বিষয়ে কিছু করার নেই।

ইত্তেফাক/এআই