বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল এমপির পুনরায় মনোনয়ন দাবি দলীয় নেতাকর্মীদের  

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ২১:১২

টাঙ্গাইলের সখীপুরে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার দাবি করেছেন উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগ। 

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের উপজেলা, পৌরশহর ও সরকারি মুজিব কলেজ শাখা ছাত্রলীগের তিনটি ইউনিট এ দাবি জানানো হয়। 

একইভাবে উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুবলীগও বিশেষ বর্ধিত সভা করে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপিকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো পৃথক পৃথক বর্ধিত সভা করে সংগঠনের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে তাদের দাবি জানিয়েছেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো সূত্রে এ তথ্য জানা গেছে। 

সখীপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাসেল আল-মামুন, যুগ্ম আহবায়ক আল মাহমুদ প্রান্ত, শহর ছাত্রলীগের সভাপতি রেজভী শিকদার শান্ত, সাধারণ সম্পাদক সুমন মিয়া সীমান্ত এবং সরকারি মুজিব কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার রকিবুল হাসান বিজয় ও সাধারণ সম্পাদক তানভীর হাসান জানান, ছাত্রলীগের তিনটি ইউনিটির সমন্বয়ে বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

এতে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপিকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয় ছাত্রলীগের তিনটি ইউনিটির পক্ষ থেকে। বর্ধিত সভায় এ দাবি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 

তারা আরও জানান, ছাত্রলীগের তিনটি ইউনিটের রেজুলেশন আকারে কেন্দ্রীয় ছাত্রলীগ ও দলীয় সভানেত্রীর দপ্তরে পাঠানো হবে খুব শিগগিরই।      

উপজেলা যুবলীগের আহবায়ক এমএ সবুর ও যুগ্ম আহবায়ক আলমাস আজাদ জানান, উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভায় ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলার যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

তারা আরও জানান, বর্ধিত সভায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপিকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। দাবিটি রেজুলেশন আকারে কেন্দ্রীয় যুবলীগ ও দলীয় সভানেত্রীর দপ্তরসহ যেখানে যেখানে পাঠানো প্রয়োজন সেখানেই খুব শিগগিরই পাঠানো হবে।
 
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মোসলিমা খাতুন, সাধারণ সম্পাদক রওশন আরা রিতা বলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা করে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপিকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে। বর্ধিত সভায় ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলার মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেত্রীকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা জানান, বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের একজন প্রবীণ রাজনীতিক, একজন আইনজীবী, একজন বীর মুক্তিযোদ্ধা, সর্বোপরি একজন সাদা মনের মানুষ। 

তা ছাড়া বিগত ৫ বছরে তিনি তার নির্বাচনী এলাকা বাসাইল-সখীপুরে বহুমুখী উন্নয়ন করেছেন। তিনি কোনো দুর্নীতিবাজ নন, ন্যায় পরায়ণ হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তা না হলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামকে মুক্তিযুদ্ধের চারণভূমিখ্যাত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দুই বারের সাধারণ সম্পাদক নির্বাচিত করতেন না। তিনি কথা এবং কাজের সঙ্গে সমন্বয় রেখেই দায়িত্ব পালন করে থাকেন। এ কারণেই আমরা সখীপুর-বাসাইলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকেই (ভিপি জোয়াহের এমপি) আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। তিনিই বাসাইল-সখীপুরের উন্নয়নের রূপকার, জনগণের ভ্যানগার্ড। 

ইত্তেফাক/পিও