এনায়েতপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১১:৩৪

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। দলীয় সাধারণ সম্পাদকের কক্ষে সংযোগকৃত আগুনের কারণে একাধিক আসবাব ও গুরুত্বপূর্ণ কিছু নথি ভস্মীভূত হয়েছে বলে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী মাস্টার নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: ইত্তেফাক

অগ্নি সংযোগের ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করে তিনি বলেন, ‘বিএনপির হরতাল বিরোধী আজকের বিকেলে শান্তি সমাবেশ সফল করতে রবিবার সকালে দলীয় কার্যালয়ে যাই। সেখানে গিয়ে দেখি আমার পক্ষে আগুন ধরিয়ে দিয়েছে। গত রাতের কোনো সময় পূর্ব পাশের জানালা ভেঙে দুর্বৃত্তরা রুমে ঢুকে চেয়ার, টেবিল ও আলমারিতে আগুন ধরিয়ে দেয়। এতে এগুলো ভস্মীভূতসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়ে গেছে। এই নাশকতার জন্য বিএনপি-জামায়াতই দায়ী। পূর্বপরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে তারা। এ জন্য নিন্দা ও দায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’

সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগ কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই একাধিক আসবাব ও গুরুত্বপূর্ণ নথি। ছবি: ইত্তেফাক

অপরদিকে এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু বলেন, ‘আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের দোষ চাপানোসহ হয়রানি করতে এ কাজ করেছে। আমরা এর নিন্দা জানাই।’

এদিকে সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার বলেন, ‘আমরা দলীয় কার্যালয়ে পরিদর্শন করে দেখেছি কয়েকটি আসবাবপত্র দুর্বৃত্তদের দেয়া আগুনে ভস্মীভূত হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/এইচএ