কাল শুরু উইম্বলডন
স্পোর্টস ডেস্ক
রজার ফেদেরার ও রাফায়েল নাদাল একসঙ্গে গ্র্যান্ড স্ল্যাম ইতিহাসে বেশ কিছু মহাকাব্যিক ম্যাচ উপহার দিয়েছেন। তাঁর বেশিরভাগই ফাইনালে হলেও আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া উইম্বলডনের শেষ চারেই দেখা হয়ে যেতে পারে দুজনের। এদিকে নারী এককের সবচেয়ে কঠিন অর্ধে পড়েছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা সেরেনা উইলিয়ামস।
শিরোপাধারী নোভাক জকোভিচ পুরুষ এককের ওপরের অর্ধে অবস্থান করছেন। দ্বিতীয় ও তৃতীয় বাছাই ফেদেরার ও নাদাল একত্রে জায়গা পেয়েছেন নিচের অর্ধে। নাদাল বর্তমানে বিশ্ব র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে আছেন। নিয়মানুযায়ী দ্বিতীয় বাছাই হয়েই প্রতিযোগিতায় নামার কথা তার। তবে উইম্বলডনের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয় শেষ দুই বছরে ঘাসের কোর্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। ফলে স্প্যানিশ তারকাটিকে টপকে দ্বিতীয় বাছাই হয়ে প্রতিযোগিতার চলতি আসরে ফেদেরার। শুরুর রাউন্ডগুলোয় বড়ো অঘটন না ঘটলে উইম্বলডনের বর্তমান সূচি অনুযায়ী পুরুষ কোয়ার্টার ফাইনালে স্টেফানোস সিটসিপাসের সঙ্গে দেখা হতে পারে জকোভিচের। গেলবারের রানার্স আপ কেভিন অ্যান্ডারসনকে খেলতে হতে পারে আলেক্সান্ডার জেরেভের বিপক্ষে।
অন্যদিকে ফেদেরারের সামনে পড়তে পারেন জাপানি খেলোয়াড় কেই নিশিকোরি। আর গেল কিছুদিনে বেশ পরিচিত হয়ে পড়া প্রতিপক্ষ ডমিনিক থিয়েমের সঙ্গে দেখা হয়ে যেতে পারে নাদালের। ফেদেরার ও নাদাল শেষ আটে নিজ নিজ খেলায় জয় পেলেই সেমিফাইনালে আরো একবার মঞ্চস্থ হবে টেনিসের পরম আরাধ্য ফেদেরার-নাদাল দ্বৈরথ।
ফেদেরার সেমিফাইনাল পর্যন্ত গেলে অবশ্য বেশ কিছু কীর্তিও নিজের নামে করে করে নেবেন। এ পর্যন্ত কোনো খেলোয়াড়ই একটি গ্র্যান্ড স্ল্যামে শততম জয় তুলে নিতে পারেননি। চলতি আসরে পাঁচটি জয় পেলেই এই কীর্তি গড়া প্রথম খেলোয়াড়টি হবেন ফেদেরার। তা করতে পারলে আরেকটি কীর্তিও নিজের নামে করে নিতে পারবেন ফেডেক্স। ঘাসের কোর্টে ১৮১টি জয় নিয়ে জিমি কনর্সের কীর্তি থেকে চারটি জয় দূরে অবস্থান করছেন তিনি। পাঁচটি জয় পেলেই তাঁকে হটিয়ে ঘাসের কোর্টে সবচেয়ে বেশি জয় পাওয়া খেলোয়াড় বনে যাবেন সুইস এই তারকা।
এদিকে নারী এককে সেরেনা উইলিয়ামস দারুণ কঠিন এক অর্ধে পড়েছেন। যার চতুর্থ রাউন্ডেই গেলবারের চ্যাম্পিয়ন এঞ্জেলিক কেরবারের সঙ্গে দেখা হয়ে যেতে পারে তার। গ্র্যান্ড স্ল্যামে গেল দুইবারের দেখায় তাকে হারাতে পারেননি সেরেনা। সেটা যদি পাকেচক্রে উতরে যান তবে কোয়ার্টার ফাইনালে খেলতে হতে পারে ফ্রেঞ্চ ওপেন বিজয়ী অ্যাশলে বার্টির বিপক্ষে।
