সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছিল বাংলাদেশ। শুরুটাও হয়েছিল দুর্দান্ত। তবে এরপরেই খেই হারিয়েছে টাইগাররা। টানা চার হারের পরও সেমিফাইনালে খেলার আশা ছিল বাংলাদেশের। তবে গতকাল (শনিবার) নেদারল্যান্ডসের কাছে হেরে সেই সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন বিশ্বকাপের বাকী তিনটি ম্যাচ ভাল করার প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
আগামী ৩১ অক্টোবর একই ভেন্যু বলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচ নিয়ে টানা হারের বৃত্তে থাকা অধিনায়ক সাকিবের ভাবনা জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রতিপক্ষ নিয়ে ভাবার সুযোগ নেই। আমাদের শুধু নিজেদের খেলাটা খেলতে হবে। নিজেদের চাঙা রাখতে হবে। আর কোনো উপায় নেই।’
পরবর্তী তিন ম্যাচ থেকে সমর্থকদের কিছু ফিরিয়ে দিতে চান সাকিব নিজেও। তিনি বলেন, ‘আমাদের তিন ম্যাচ খেলতেই হবে। যদি আমরা বাংলাদেশের মানুষকে কিছু ফিরিয়ে দিতে পারি, সেটা দারুণ হবে।’
তবে এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে ভালো কিছু করা কঠিন– সেটিও স্বীকার করলেন সাকিব। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে খুবই কঠিন এখান থেকে ঘুরে দাঁড়ানো। তিন ম্যাচ আছে। অন্তত ভালো কিছু করার সুযোগ এখনও আছে আমাদের। তবে খুবই কঠিন। চেষ্টা ছাড়া আমাদের কিছুই করার নেই। আজকের দিনটা যদি ভুলে গিয়ে সামনের ম্যাচটায় মনোযোগ দিতে পারি, তাহলে ভালো হবে। আমরা যেখানে আছি সেখান থেকে এটা করা খুবই কঠিন।’
