স্পোর্টস রিপোর্টার, বার্মিংহাম (ইংল্যান্ড) থেকে
ব্যাট-বলের লড়াইয়ে পরস্পর প্রতিপক্ষ হলেও বার্মিংহামে কিন্তু একই হোটেলে অবস্থান করছেন মাশরাফি ও বিরাট কোহলিরা। শহরের কেন্দ্রস্থল ব্রিজ স্ট্রিটের ঐ হোটেলের নাম হায়াত রিজেন্সি। সাউদাম্পটনে আফগানিস্তানকে হারিয়ে গত মঙ্গলবার এ হোটেলে এসেছিল বাংলাদেশ দল। আর ভারতীয় দল গত বৃহস্পতিবার ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পরদিন শুক্রবার এ শহরে চলে আসে।
ভারতীয় দল যখন হোটেলে প্রবেশ করে তার কিছুক্ষণ আগে মুশফিক ও রিয়াদ নামাজ পড়ার জন্য হোটেল থেকে বের হয়ে যান। তবে এসময় মাশরাফিসহ আরো কয়েকজন হোটেলেই ছিলেন। ভারতীয় টিম প্রবেশ করার সময় হোটেল লবিতে বাংলাদেশের অধিনায়কের সঙ্গে দেখা হয়ে যায় ভারতের সাবেক অধিনায়ক ও উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনির। দুই পুরোনো বন্ধু পরস্পরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। কাকতালীয়ভাবে এ বিশ্বকাপ মাশরাফি ও ধোনির শেষ বিশ্বকাপ। আগামী কয়েকদিন হোটেলের সুইমিং পুল, লিফট, রেস্টুরেন্টে মাশরাফি ও ধোনির পাশাপাশি দুই দলের অন্য ক্রিকেটারদেরও দেখা সাক্ষাত্ হবে।
উল্লেখ্য, বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে আগামী মঙ্গলবার দুই প্রতিবেশীর লড়াই। বহুজাতিক টুর্নামেন্টে গত কয়েক বছর ধরে ভারতের বিরুদ্ধে হেরেই চলেছে বাংলাদেশ।
বার্মিংহামে নিশ্চিতভাবেই ভারতের বাধার দেয়াল ভাঙার লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা। আজ রবিবার একই মাঠে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে কোহলির দল। এ ম্যাচে জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত করবে ভারত। ছয় ম্যাচে তাদের পয়েন্ট এখন ১১।
