স্পোর্টস রিপোর্টার
হেডিংলিতে ২২ গজে চলছিল পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। তখন গ্যালারিতে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন দুই দেশের সমর্থকরা। গতকাল আফগানিস্তানের ব্যাটিংয়ের সময় দুই দলের সমর্থকরা মারামারি শুরু করেন। দুই পক্ষের লড়াই থামাতে হাজির হয় স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা। পরে সংঘর্ষে জড়িয়ে পড়া দর্শকদের গ্যালারি থেকে বের করে দেয়া হয়। ঘটনার হেতু হিসেবে, এক পক্ষ আরেক পক্ষকে উত্ত্যক্ত করার অভিযোগ করেছে।
পাকিস্তান-আফগানিস্তান, দুই প্রতিবেশী দেশের বিশ্বকাপে এটাই প্রথম ম্যাচ ছিল। ম্যাচ শুরুর আগেই সকাল ৯টায় স্টেডিয়ামের গেইট পার হয়ে গ্যালারিতে আসতে শুরু করেন দর্শকরা। কেউ কেউ বিনা টিকিটে খেলা দেখার প্রয়াসে নাকি দেয়াল টপকে গ্যালারিতে প্রবেশের চেষ্টা করেন। এবং তা শুধু প্রতিপক্ষ শিবিরকে জ্বালাতন করার জন্যই।
গতকাল ম্যাচের এক ঘণ্টা না যেতেই গ্যালারিতে উত্তেজনা চরমে পৌঁছায়। পরস্পরকে উত্ত্যক্ত করার কারণে মারামারি শুরু করেন তারা। পরে তাদেরকে স্টেডিয়াম থেকে বের করে দিলে উত্তেজনা থামে। এমনকি ঘটনাটি ভিডিও করার সময় কয়েকজন সাংবাদিককেও বোতল ছুড়ে মারেন ওই সব দর্শক। অবশ্য দুই দেশের ক্রিকেট নানাভাবে সম্পর্কের জালে জড়িত। এই ম্যাচের আগে আফগান অধিনায়ক গুলবাদিন নাইব বলেছিলেন, ক্রিকেটের বাইরের বিষয়গুলোও সারিয়ে তোলা সম্ভব শক্ত দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে। অবশ্য নিজেদের ক্রিকেট উন্নয়নে পাকিস্তানের অবদানের কথাও তুলে ধরেছিলেন গুলবাদিন নাইব। তিনি বলেছিলেন, ‘আপনি যদি আমাদের ক্রিকেটের দিকে তাকান, আমরা ক্রিকেটে অনেক কিছু শিখেছি পাকিস্তান থেকে। আমরা পাকিস্তানে ক্রিকেটও খেলেছি।’
