খারাপ সময়ে খারাপ বলবে, ভালো করলে মাথায় নিয়ে নাচে: পাপন 

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৭:২৬

জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা পাঁচ হার। সবশেষ শক্তির বিচারে পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের কাছে হেরে হতাশার ষোলকলা পূর্ণ করেছে বাংলাদেশ দল। নেদারল্যান্ডসের কাছে হারের পর ‘স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ’ স্বীকার করেছেন অধিনায়ক সাকিব। দলের অবস্থা নিয়ে এবার কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।  

রোববার (২৯ অক্টোবর) কলকাতার তাজ হোটেল বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পাপন। এ সময় তিনি বলেন, 'আমার সঙ্গে কথা বলে মনে হয়েছে ওরা (ক্রিকেটাররা) এখন অনেক সিরিয়াস। আমি ওদের বলেছি খারাপ সময়ে মানুষ খারাপ বলবে এটাই স্বাভাবিক। ভালো করলে তো মানুষ মাথায় নিয়ে নাচে। তবে আমরা খারাপ সময়ে ক্রিকেটারদের পাশে আছি।' 

বিসিবি প্রধান আরও বলেন, 'যেটা হয়ে গেছে আমাদের কিছুই করার নেই আমাদের সামনে তিনটি ম্যাচ আছে। এই তিন ম্যাচে আমরা কীভাবে ভালো খেলতে পারি এটা ছাড়া করার কিছু নেই। এটা করতে হলে দুটো জিনিস করতে হবে। ওদের মধ্যে সাহস যোগাতে হবে, বিশ্বাস যোগাতে হবে। যেন ওরা পারে। এই বিশ্বাস আর সাহস যদি ওদের নিজেদের মধ্যে না আসে, তাহলে ওরা সবসময় কনফিউজ থাকবে। শট সিলেকশানে ভুল করবে। মারতে গেলে এমন হতেই পারে। এটাই করার চেষ্টা করেছি। কিন্তু ওরা সকলে মিলে বলল যে, তারা সবাই ইউনাইটেড। তাদের মধ্যে কোনো সমস্যা নেই।’

ইত্তেফাক/জেডএইচ