বিএনপি-জামায়াত এখন লাশের রাজনীতি শুরু করেছে: ড. শান্ত

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৯:৪০

বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্বাহী কমিটির সদস্য ড. আশিকুর রহমান শান্ত বলেছেন, বিএনপি-জামায়াত এখন লাশের রাজনীতি শুরু করেছে। এদেরকে প্রতিহত করতে হবে। কোনো দেশবিরোধী অপশক্তিকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একজন মুক্তিযুদ্ধোর সন্তান হিসেবে জীবন দিতে প্রস্তুত। 

রোববার (২৯ অক্টোবর) বিকালে জেলার উকিলপাড়ার শান্তনীড় প্রাঙ্গণে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের ব্যানারে শান্তি ও উন্নয়নের সমাবেশ এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণ করে চলছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার টানা ১৫ বছর ক্ষমতায় থাকায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের কারণে বাংলাদেশ বদলে গেছে। দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিএনপি ও জামায়াত সারাদেশে নৈরাজ্যের সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের এই নৈরাজ্য রাজপথে মোকাবিলা করবে। 

সমাবেশে উপস্থিত নারী নেতৃদের উদ্দেশ্যে ডা. শান্ত বলেন, ঘরে ঘরে মা বোনদেরকে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলতে হবে। বাঙালি নারীরা শাড়ির আঁচল দিয়ে যেমন সংসার বেঁধে রাখে, তেমনি আঁচলটা কোমরে গুঁজে বন্দুক হাতে দৈত্য তাড়াতেও জানে। দেশের মোট জনসংখ্যার অর্ধেক এই নারীদের সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে সামনের দিকে যাওয়ার স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন, নারীরা শুধু ঘরে বসে থাকবে না। তারা পুরুষদের মতো সমানতালে পরিবার-সমাজসংস্কার ও রাষ্ট্র পরিচালনার জন্যও কাজ করবে। প্রীতিলতার আত্বত্যাগ স্মরণ করিয়ে দিয়ে সবার মাঝে আগামী দিনগুলোতে যাতে প্রীতিলতাকে খুঁজে পাই সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।

দৌলতখানের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিশেষ অতিথি কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক খালেদ মাহমুদ টুকু, জেলা  যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহিন, নারীনেত্রী আরজু বেগম, তাসলিমা বেগমসহ অনেকে।

ইত্তেফাক/পিও