পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো সিরিজ জেতার পর বাংলাদেশ নারী দলের সামনে ছিল হোয়াইটওয়াশ করার সুযোগও। তবে তা কাজে লাগাতে পারেননি জ্যোতিরা। সিরিজের শেষ ম্যাচে সফরকারীদের কাছে হেরেছেন টাইগ্রেসরা।
তবে তাতে বেশি একটা ক্ষতি হয়ে যায়নি, ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। সফরকারীরা নির্ধারিত ওভার ব্যাটিং করে ৪ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৩২ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে বাংলাদেশ করতে সক্ষম হয় ১০১ রান। ফলে জ্যোতিরা হারেন ৩১ রানের ব্যবধানে। ম্যাচ-সেরা হয়েছেন ৪৯ বলে ৬১ রানের ইনিংস খেলা পাকিস্তানি ওপেনার মুনিবা আলি। এছাড়া সিরিজ-সেরা হয়েছেন টাইগ্রেস স্পিনার নাহিদা আক্তার।
