দারুণ ভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকিস্তান। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাবর আজমের দল। টানা চার হারে বিপর্যস্ত ৯২'এর চ্যাম্পিয়নরা। দলের মতোই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না বাবর।
এখন পর্যন্ত ৬ ম্যাচে ২০৭ রান করেছেন পাকিস্তানের অধিনায়ক। আর তাই সামালোচনা শুনতে হচ্ছে তাকে। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফের সঙ্গেও সময়টা ভালো যাচ্ছে না তার। বিশ্বকাপে দল খারাপ খেলায় বাবরদের সঙ্গে নাকি জাকা আশরাফ যোগাযোগ করছেন না।
এমন খবর ফাঁস করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার রশিদ লতিফ। তার এমন মন্তব্যের পর সমালোচনা উঠলে তার জবাব দেন জাকা আশরাফ। আর এই জবাব দিতে গিয়েই বাবরের গোপন চ্যাট ফাঁস করেছেন তিনি, যা আবার টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এ নিয়ে পাকিস্তান ক্রিকেটে এখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
লতিফের অভিযোগ ভুল প্রমাণ করার উদ্দেশে সম্প্রতি স্থানীয় এক টেলিভিশনকে সাক্ষাৎকার দেন জাকা আশরাফ। সাক্ষাৎকার দেওয়ার সময় পিসিবি সভাপতি বলেছেন, ‘সে (লতিফ) বলেছে যে আমি বাবরের কল ধরিনি। সত্যি হচ্ছে বাবর আমাকে কখনো কল দেয়নি। আশা করা হচ্ছে অধিনায়কের সঙ্গে কথা বলবেন চিফ অপারেটিং অফিসার বা আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক।’
সেই সাক্ষাৎকারেই বাবরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা শেয়ার করেন আশরাফ। টিভি চ্যানেলের হোস্টকে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিয়ে নিজের দাবিকে প্রমাণ করার চেষ্টা করেন। স্ক্রিনশটে দেখা যায় আশরাফ যা বলেছেন তা সত্য। বাবর তার সঙ্গে কোনো যোগাযোগ করেননি।
বাবরের কথোপকথনের স্ক্রিনশটটি হচ্ছে পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসিরের। পাকিস্তানের অধিনায়কের কাছে নাসির জানতে চেয়েছিলেন, ‘বাবর, টিভি এবং সামাজিকমাধ্যমে এমন খবরও প্রচারিত হচ্ছে যে সভাপতিকে তুমি ফোন করার পরও নাকি কোনো উত্তর পাচ্ছ না। আসলে কি তাকে সম্প্রতি ফোন করেছ? এর জবাবে বাবর বলেছেন, ‘সালাম সালমান ভাই, স্যারকে আমি কোনো ফোন করিনি।’
