‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রচারে মুম্বাই গিয়ে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে মজার ছলে দোষারোপ করেছেন অভিনেতা আরিফিন শুভ। গত শুক্রবার (২৭ অক্টোবর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারতে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ‘মুজিব’ বায়োপিক। মুজিবের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই আরিফিন শুভ দর্শক হৃদয় জয় করেছেন ।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বলিউড বাদশাহকে নিয়ে হঠাৎই মজার ছলে শাহরুখ খানকে দোষারোপ করেছেন। এক সাক্ষাৎকারে আরিফিন বলেন, ‘মুম্বাই এখন আমার কাছে বাড়ির মতো মনে হয়। এখানে সবাই আমার নতুন নাম দিয়েছে। আমাকে তারা অরবিন্দ বলে ডাকে। আমিও তাতে সায় দেই।’
সাবলীলভাবে হিন্দিতে কথা বলতে পারেন আরিফিন শুভ। তাকে জিজ্ঞেস করা হয় কীভাবে পারেন তিনি? এই প্রশ্ন করতেই তিনি মজার ছলে বলেন, ‘এজন্য দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সমস্ত বলিউড তারকাদের দোষ দিতে পারেন।’
একথা কেন বললেন নায়ক? তার কথায় বোঝা গেল তিনি প্রচুর হিন্দি সিনেমা দেখেন। পাশাপাশি সীমান্ত হওয়ায় বাংলাদেশে বলিউডের প্রভাব ব্যাপক।
শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী।
