টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে থানা পুলিশ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৫ শতাধিক দেশি-বিদেশি ছুরি জব্দ করেছে। গত শুক্রবার রাতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার বার্মিজ মার্কেটসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৫ শতাধিক চাকু জব্দ করেছে।
জানা যায়, সম্প্রতি টেকনাফের গ্রামীণ জনপদ ও শরণার্থী ক্যাম্পসমূহে দেশি-বিদেশি চাকু ব্যবহার করে ছুরি ব্যবহার করে চুরি-ছিনতাই বেড়েছে। স্থানীয় সংঘবদ্ধ অপরাধীরা বিভিন্ন হাট-বাজার থেকে এসব ধারালো দেশীয় অস্ত্র সংগ্রহ করে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এ যাতীয় ধারালো অস্ত্র দিয়ে গত ২১ জুন হ্নীলা পশ্চিম পানখালীর ইদ্রিসের পুত্র দুই সন্তানের জনক মো. ইসমাঈলকে (২৫) প্রকাশ্যে গলায় ছুরি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
হ্নীলা বাস স্টেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, প্রতি সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্পের যুবকদের ৩/৪টি গ্রুপ এসে এসব ধারালো চাকুর খোঁজ করে। যা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করে থাকে। উপজেলার হোয়াইক্যং এবং বাহারছড়ার বিভিন্ন দোকান থেকে রোহিঙ্গা যুবকরা এসব ধারালো চাুক সংগ্রহ করে বলে স্থানীয় লোকজন জানায়।
