একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চার যুবককে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাতে বন্দর থানার মদনপুরের চানপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে জেলা গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সুজন ও ইমরান ভুঁইয়া নামে দুই যুবক।
গ্রেফতারকৃতরা হলো—বন্দর উপজেলার চানপুর দক্ষিণ পাড়ার সরাফত আলী ওরফে আলী হোসেনের পুত্র রুবেল প্রধান, একই থানার চানপুর উত্তর পাড়ার শফিকুল ইসলামের পুত্র নাঈমুর রহমান, চানপুর দক্ষিণ পাড়ার মৃত সিরাজুল ইসলামের পুত্র ওমর ফারুক ও মো. তাজুল ইসলামের পুত্র মো. ফারুক।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস এম শামীম, পরিদর্শক আশিক ইমরান, সহকারী উপপরিদর্শক আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার বন্দর থানার চানপুরের জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে রুবেল প্রধান, নাঈমুর রহমান, ওমর ফারুক ও মো. ফারুককে একটি বিদেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করেন। পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছে।
