চট্টগ্রাম নগরীর খুলশী থানায় গরীবুল্লাহ শাহ বাস কাউন্টারের সামনে সিটি রুটের ৪ নম্বর বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে বাস কাউন্টারের বিপরীতে এ আগুন দেওয়া হয়।
সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের পরিদর্শক (প্রশাসন) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার রাত ১০টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি কে স্কয়ারের সামাজিক অনুষ্ঠানে রিজার্ভ যাত্রী এনেছিল। বাসটি রাস্তার পাশে পার্কিং করে তারা ক্লাবে প্রবেশ করলে খালি বাসে কে বা কারা আগুন দিয়েছে তাদের শনাক্ত করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে আছে। বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
এ ছাড়া গতকাল রাতে গাজীপুর সিটি করপোরেশন এলাকা ও শ্রীপুর উপজেলায় দুটি বাসে আগুন দেওয়া হয়।
