শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
শিবচরের দুই বাড়িতে শুক্রবার মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ লাইসেন্স করা একটি বন্দুক লুটসহ এক গৃহকর্তাকে কুপিয়ে আহত করেছে।
ডাকাতির শিকার পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উত্রাইল এলাকায় পাট ব্যবসায়ী কাইয়ুম বেপারীর বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে অস্ত্রধারী একদল ডাকাত। অপরদিকে দত্তপাড়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী সিরু মুন্সীর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে নগদ ৭০ হাজার টাকা ও ৫/৬ ভরি স্বর্ণ লুট করে।
মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।
