৩ দিনের অবরোধে গণপরিবহনহীন সিলেট, পিকেটিংয়ে জনদুর্ভোগ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ২০:২৬

৩ দিনের অবরোধে সিলেটের রাস্তায় গণপরিবহন নেই। ব্যক্তিগত গাড়িও নেই। নগরীতে হালকা সিএনজি অটোরিকশা চলতে দেখা গেছে। সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে সিএনজিচালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি সামান্য পরিমাণে চলছে।

রাস্তায় বাস না থাকায় মালামাল পরিবহনের ট্রাক, মিনি পিকআপেও অনেক অফিসগামী মানুষকে চড়তে দেখা গেছে। বেশি ভাড়া নিচ্ছে এসব পরিবহনের ড্রাইভার ও হেলপাররা। জনদুর্ভোগ চলছে। 

ছবি: আব্দুল বাতিন ফয়সল

এদিকে সিলেটের বিভিন্ন স্থানসহ দক্ষিণ সুরমার তেতলি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ড্রাম ও গাছ ফেলে ‘পিকেটিং’ করেছেন অবরোধকারীরা। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। এর আগে তারা খাদ্যপণ্যবাহী একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করে। 

এদিকে, দূরপাল্লার বাস বন্ধ থাকায় চাপ বেড়েছে ট্রেনে। সকাল থেকেই সিলেট হতে শিডিউলমতো ছেড়ে গেছে সকল ট্রেন। 

ছবি: আব্দুল বাতিন ফয়সল

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, যাত্রী নেই তাই সিলেটে কোনো বাস চলছে না। তছাড়া পথে বের হলে গাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।পরিবহণ শ্রমিকরা গাড়ি নিয়ে বের হতে চাচ্ছেন না।

সিলেট রেল স্টেশন মাস্টার মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, সিলেটের ট্রেন যোগাযাগ স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো যথাসময়ে সিলেট ছেড়ে গেছে ট্রেন। তিনি বলেন, আজ ট্রেনে যাত্রীর চাপ একটু বেশি।

ছবি: আব্দুল বাতিন ফয়সল

বাসে আগুন দেওয়ার চেষ্টা

সিলেটের দক্ষিণ সুরমার গালিমপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে পিকেটাররা। এ সময় গাড়িটিতে ভাঙচুরও চালায় তারা।

তবে বাসের যাত্রীরা গাড়ির টায়ারে লাগা আগুন নিভিয়ে ফেলেন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার সকাল ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের আতিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই পিকেটাররা পালিয়ে যায়। 

ছবি: আব্দুল বাতিন ফয়সল

ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে বাধা 

সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বাস চলাচলে বাধা দিচ্ছে পিকেটাররা। সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা। এদিকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মহাসড়কে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে বিজিবি।

ছবি: আব্দুল বাতিন ফয়সল

সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমার আতিবাড়িতে সিলেট-ঢাকা মহাসড়কে রাস্তায় গাছ ফেলে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকেটাররা। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, মানুষের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত পুলিশ। কেউ নাশকতার চেষ্টা করলে দ্রুত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, গালিমপুরে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিলো। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকেটাররা পালিয়ে যায়। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ছবি: আব্দুল বাতিন ফয়সল

এ ছাড়া সকাল থেকে নগরের বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা, আম্বরখানাসহ বিভিন্ন মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। প্রস্তুত রয়েছে পুলিশের সাজোয়া যান এপিসি। নগরে সিএনজি অটোরিকশা, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে। তবে মহাসড়কে যান চলাচল একেবারেই কম।

ইত্তেফাক/পিও