বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তিন দিনের প্রথম দিন খুলনায় বড় ধরনের সংঘাত-সংঘর্ষ ছাড়াই পালিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) অবরোধের প্রথম দিন সকাল সাড়ে ১০টার দিকে মহানগর ও জেলা বিএনপি নগরীর ফারাজীপাড়া ফুল মার্কেট এলাকার খানজাহান আলী রোডে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল বের করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়ে ও তাদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়।
পুলিশের লাঠিচার্জে এ সময় পথচারীসহ কয়েকজন সামান্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুজন বিএনপি কর্মীকে আটক করে। এর আগে সোমবার রাতে পুলিশ নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরো ৮জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এছাড়া ভোর সাড়ে ৫টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে খুলনা জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ আদল ও কয়রা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সাব্বির আলম বাবুকে তুলে নিয়ে গেছে বলে বিএনপি অভিযোগ করেছে। এসময় বাসার মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে তারা। বিএনপির পক্ষ থেকে মোট ১২জনকে আটকের অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া অবরোধের সমর্থনে জামায়াত-শিবির নগরীতে মিছিল করেছে বলে তাদের প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
এদিকে, বিএনপি-জামায়াতে ইসলামীর ডাকা অবরোধের প্রথম দিন খুলনা থেকে ঢাকা, চট্টগ্রামসহ দূর পাল্লার রুটের বাস চলাচল করেনি। তবে অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চালানোর চেষ্টা করেন মালিক-শ্রমিকরা। যাত্রী কম থাকায় সেগুলোও সময় মতো ছাড়েনি। অপরদিকে খুলনা থেকে যথারীতি ট্রেন ও লঞ্চ গন্তব্যস্থলের উদ্দেশ্যে ছেড়ে গেছে। নগরীর বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। যানবাহন চলাচলে তাদের সহায়তা করতে দেখা গেছে।
