তামিমকে ফিরিয়ে আফ্রিদির ওয়ানডেতে দ্রুততম ‘সেঞ্চুরি’

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১১:৫৫

কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল মঙ্গলবার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে রানের খাতা খোলার আগেই ধাক্কা দেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। টাইগার তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরের পথ দেখান তিনি। তামিমকে শূন্য রানে ফিরিয়েই ওয়ানডে ক্যারিয়ারের শততম উইকেটের স্বাদ পান তিনি, যা কিনা এই ফরম্যাটে পেসারদের মধ্যে দ্রুততম।

গতকাল মাঠে নামার আগে ৯৯ উইকেট নিয়ে মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় ছিলেন আফ্রিদি। চলমান বিশ্বকাপেও এখন পর্যন্ত প্রথম ওভারে উইকেট শিকার করতে পারছিলেন না তিনি। তবে বাংলাদেশের বিপক্ষে নেমেই সব আশা মিটিয়েছেন তিনি। ১৩ বছর আগে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে পেছনে ফেলে বনে গেছেন দ্রুততম শত উইকেট শিকারি। ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বতে স্টার্ক ১০০ উইকেটের ক্লাবে ঢুকেছেন ৫২ ম্যাচে। আর আফ্রিদি তার থেকে এক ম্যাচ কম খেলে কীর্তি নিজের নামে করে নিয়েছেন।

তবে ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট শিকারির তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে রেখেছেন দুই লেগ স্পিনার। ৪২ ম্যাচে ১০০ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন  নেপালের সন্দীপ লামিচানে। তার পরেই দুই ম্যাচ বেশি খেলে ৪৪ ম্যাচে ১০০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। তার পরের জায়গাই গতকাল নিজের করে নিয়েছেন আফ্রিদি। 

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fcricketworldcup%2Fposts%2Fpfbid0CWJUMC6gV43phwNLHSLnEgNZthXaZdv4i4hFA5zvSqV88GaodSiumbVvBZZ1i7mal&show_text=true&width=500" width="500" height="615" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

এছাড়া ওয়ানডেতে পেসারদের দ্রুততম ১০০ উইকেট শিকারের তালিকায় আফ্রিদি-স্টার্কের পরেই রয়েছে কিউই পেসার শেন বন্ড ও টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এ দুই পেসারেরই এই কীর্তি করতে লেগেছিল ৫৪ ম্যাচ। তবে বছরের হিসাবে মুস্তাফিজ বন্ডের থেকে আগে এই মাইলফলক ছুঁয়েছিলেন। বন্ডের ওয়ানডেতে অভিষেক হওয়ার পর ৫ বছর ১২ দিন লেগেছিল ১০০ উইকেট শিকার করতে। কিন্তু মুস্তাফিজের লেগেছিল ৪ বছর ১৭ দিন।

এদিকে প্রথম ওভারের পঞ্চম বলে তামিমকে ফেরানোর পর আফ্রিদি এদিন তুলে নিয়েছেন আরও ২টি উইকেট। ইনিংসের তৃতীয় ওভারে ফিরিয়েছেন নাজমুল হোসেনকে। শর্ট মিড উইকেটে উসামা মিরের কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এরপর উইকেটে থিতু হয়ে থাকা পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা মাহমুদউল্লাহ রিয়াদকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট শিকার করেছেন এই পেসার। এতে করে এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ৭ ম্যাচে ১৬টি উইকেট শিকার করেছেন আফ্রিদি, যা কিনা আসরের দ্বিতীয় সর্বোচ্চ। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি অজি স্পিনার অ্যাডাম জাম্পার। তিনি আফ্রিদির থেকে এক ম্যাচ কম খেলে উইকেট নিয়েছেন ১৬টি।

ইত্তেফাক/জেডএইচ