নওগাঁয় ৯টি মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৫:৫১

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নয়জনকে বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজানুর রহমান। রবিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের হলরুমে জেলার ছয়টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এছাড়া একজন প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।

বাতিলকৃতরা হলেন, নওগাঁ-১ আসনের আবু হেনা মোস্তফা কামাল (এলডিপি/বিকল্পধারা), নওগাঁ-২ আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক ড. ইঞ্জিনিয়ার আখতারুল আলম (আওয়ামী লীগের স্বতন্ত্র), আব্দুর রউফ মান্নান (বিকল্পধারা), মতিবুল ইসলাম (স্বতন্ত্র), নওগাঁ-৪ আসনে আব্দুর রাকিব (স্বতন্ত্র) ও আফজাল হোসেন (স্বতন্ত্র), নওগাঁ-৫ আসনে নওগাঁ পৌরসভা মেয়র আলহাজ্ব নজমুল হক সনি (বিএনপি) ও ইফতারুল আলম বকুল (জাপা) এবং নওগাঁ-৬ আসনে আনোয়ার হোসেন হেলাল (স্বতন্ত্র)। 

এছাড়া নওগাঁ-৪ আসন থেকে জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকী মনোনয়ন প্রত্যাহার করে নেন।

নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, নওগাঁ পৌরসভা মেয়র আলহাজ্ব নজমুল হক সনি মেয়র পদ থেকে পদত্যাগ না করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে তাকে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

উৎসব মূখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনে আওয়ামী লীগের ৭ জন ও বিএনপির ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এছাড়া জাতীয় পার্টির ৫ জনসহ মোট ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।

ইত্তেফাক/নূহু