চলমান বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্সে এক কথায় হতাশাজনক। এমন পারফরমেন্সে কাউকে দোষ দিতে চান না অলরাউন্ডারের মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে বড় হারের পর সংবাদ সম্মেলনে এসে জানালেন সবাই খারাপ খেলেছে, মেনেও নিচ্ছি।
ম্যাচ হারের সঙ্গে মনও যেন হারিয়ে গেছে টাইগার এই অলরাউন্ডারের। এমন বাজে পরিস্থিতির জন্য অবশ্য কাউকে দোষ না দিয়ে মিরাজ বলেন, 'কাউকে দোষ দিতে চাই না যে ‘ও খারাপ খেলেছে, সে খারাপ খেলেছে।’ আমরা সবাই খারাপ করেছি। আলাদা করে বলতে চাই না দুই-এক জন খারাপ খেলেছি। আমরা সবাই খারাপ করেছি, মেনে নিচ্ছি।'
নিজের ব্যাটিং অর্ডার নিয়ে মিরাজ বলেন, 'আমি তো অবশ্যই মিডল অর্ডারে খেলতে পছন্দ করি। হয়তো আমাকে বিভিন্ন পজিশনে খেলানো হচ্ছে টিম কম্বিনেশনের জন্য। আমি গত ৭ বছর লোয়ার-মিডল অর্ডারে খেলেছি। ওখানে কীভাবে খেলতে হবে, সেটা অনেকটা আমার ধারণা আছে। কিন্তু আমার মনে হয় এগুলো চিন্তা না করে, যদি ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই….আমাকে আরও প্রমাণ করতে হবে। যেখানেই খেলাক না কেন, পারফর্ম করতে হবে। তখন দলের প্রত্যাশা থাকবে, আমি পারফর্ম করতে পারি, যেখানেই খেলাক না কেন।'
