ইত্তেফাক রিপোর্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, গুম আর খুনের মহোত্সবে সারা দেশ আজ ‘ভয়ঙ্কর আতঙ্কে’ কাঁপছে। দেশে আজ কথা বলার সামান্য স্বাধীনতাটুকুও নেই, ন্যায়বিচার বলে কিছু নেই। আজ শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশে এখন আছে শুধু খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি ও শেয়ারবাজার লুট।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় মানববন্ধনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অর্পনা রায়, মহিলা দলের নূর জাহান ইয়াসমীন, নূরজাহান মাহবুব, এলিজা জামান, ফারজানা আখতার, আমেনা বেগম, মাসুদা খান প্রমুখ বক্তব্য রখেন।
