বাজি ধরে অতিরিক্ত খেয়ে কৃষকের মৃত্যু

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ২১:০৭

নওগাঁর বদলগাছীতে বাজি ধরে ২ কেজি আখের গুড়, কাঁচা মরিচ ও ২ হালি কলা খাওয়ার পর অসুস্থ হয়ে বায়েজিদ হোসেন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

বায়েজিদ বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পারআধাইপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কৃষক বায়োজিদের সঙ্গে ইসমাইলপুর গ্রামের বাসিন্দা বিঠু কসাইয়ের মধ্যে গুড় খাওয়া নিয়ে বাজি হয়। সে অনুযায়ী বিতু কসাই স্থানীয় এক দোকানির কাছ থেকে ২ কেজি গুড় কিনে এনে কৃষক বায়োজিদকে খেতে দেন। আধা ঘণ্টার ব্যবধানে দুই কেজি গুড় খেয়ে ফেলেন বায়োজিদ। ওই সময় গুড়ের সঙ্গে কাঁচা মরিচও খান তিনি। বাজি ধরার আগে দুই হালি কলাও খেয়েছিলেন তিনি।

গুড় খাওয়া শেষে উপস্থিত অনেকে তার শারীরিক অবস্থা সম্পর্ক জানতে চাইলে বায়োজিদ অবস্থা ভালো বলে ঘটনাস্থল ত্যাগ করেন। বাড়ি ফেরার পর অসুস্থতা অনুভব করলে পরিবারের লোকজন তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আসিফ আদনান বলেন, বায়োজিদ নামের ওই রোগী রাতে পেটব্যথা ও বমির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। অতিরিক্ত গুড় খাওয়ায় তার শরীরে বেশ কিছু সমস্যা দেখা দেয়। রাতের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বদলগাছী থানার ওসি মো. আতিয়ার রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। থানায় কোনো অভিযোগও আসেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এবি