ফিলিস্তানের মুসলিম হত্যা নিয়ে বিএনপি-জামায়াত চুপ কেন: নিক্সন চৌধুরী 

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ২২:০৭

ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ইসরাইল ফিলিস্তানে হামলা করে নিরীহ মুসলিমদের হত্যা করছে, এই বিষয়ে বিএনপি জামায়াত চুপ কেন। এইটা নিয়ে তাদের কোনো আন্দোলন নাই। তারা আছে তাদের আখের গোছানোর ধান্ধায়। 

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরদড়ি কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, জনগণ ২১ আগষ্ট গ্রেনেড হামলার কথা, এতিমদের টাকা মেরে খাওয়ার কথা, ১০ ট্রাক অস্ত্র আমদানির কথা ভুলে নাই। অগ্নিসন্ত্রাস, পুলিশ পিটিয়ে হত্যা সারাদেশের জনগণ দেখেছে। ওই আন্দোলন করে লাভ নাই। জনগণ অনেক আগেই বিএনপিকে বয়কট করেছে। যদি জনগণের জন্য রাজনীতি করে থাকেন তাহলে বিএনপিকে বলবো জনগণের জানমালের ক্ষতি না করে নির্বাচনে আসেন, জনগণের কাছে ভোট চান।  

নিক্সন চৌধুরী এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্ল্যাহকে উদ্যেশ্য করে বলেন, আড়াই বছরের করোনার সময় বাসা থেকে বের হন নাই। দুই দুইটা বন্যা গেছে এলাকায় আসেন নাই। গত সাড়ে ৪ বছরে এলাকায় আপনার চেহারা দেখা যায় নাই। এখন নির্বাচনের আগে আসছেন ভোট চাইতে। জনগণ এখন আর বোকা নাই, তারা প্রেসিডিয়াম মেম্বার চায় না, চায় উন্নয়ন। আমি নিক্সন করোনার মধ্যে একা মাথায় চালের বস্তা নিয়া, খাবার নিয়া জনগণের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছি, বন্যার মধ্যে পানিতে ভিজে ভিজে জনগণের কাছে গিয়েছি।

নিক্সন আরও বলেন, এই যে আমি ৩ উপজেলার উন্নয়ন করে যাচ্ছি। সারাদেশে উন্নয়ন হচ্ছে এটা সম্ভব হচ্ছে কেবল মাত্র শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণে। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে সকল উন্নয়ন বন্ধ হয়ে যাবে। তাই আসছে নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সে জন্য আপনারা প্রত্যেকে এক এক নিক্সন হয়ে মাঠে নেমে পড়বেন।
 
নিক্সন বলেন, কৃষ্ণপুর ইউনিয়ন গত দুই টার্ম আমার মধ্যে ছিল না, তাই আপনাদের তেমন সেবা করতে পারিনি। এবার যদি নির্বাচিত হই, নির্বাচনের পরে ১ বছর সময় দিবেন আমাকে, এর মধ্যে আপনাদের এই এলাকায় যত কাচা রাস্তা আছে সব ইটের রাস্তা হবে আর ইটের সব রাস্তা পাকা হবে। 

স্থানীয় সমাজ সেবক আবদুস সালামের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য শাহেদিদ গামাল লিপু, জেলা পরিষদ সদস্য ইখলাম ফকির, ইউয়িন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল ফকিরসহ অনেকে বক্তব্য দেন। 

বক্তারা নিক্সন চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, আপনি নিক্সন চৌধুরী বঙ্গবন্ধুর রক্ত, শেখ হাসিনার রক্ত। আপনিই আমাদের কাছে নৌকা, আপনিই আমাদের কাছে আওয়ামী লীগ। আসছে নির্বাচনে আপনার মার্কা যাই হোক সেটাই আমাদের মার্কা। 

বৈঠকে চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক হাফেজ মো. কাউসার, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার আলী মোল্যা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যনা মো. কাউসার ব্যাপারী, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার বিভিন্ন ইউয়িননের চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/পিও