প্রত্যাশা পূরণে এগিয়ে চলেছে বাংলাদেশ

আপডেট : ২৯ জুন ২০১৯, ২২:০০

সাফল্য-ব্যর্থতা ও দেশবাসীর প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ অত্যন্ত দাপটের সঙ্গেই এগিয়ে চলেছে। এমনকি বিশ্বকাপ জয়ী যে কোনো দলকে হারানোর ক্ষমতা বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের রয়েছে। গত বিশ বছরে বাংলাদেশ ক্রিকেট দল প্রতিটি বিশ্বকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়মিত অংশ নিয়েছে এবং যথেষ্ট দক্ষতার সঙ্গেই খেলতে খেলতে বর্তমান অবস্থানে পৌঁছতে সক্ষম হয়েছে। আমাদের ক্রিকেট দলের সাফল্যের এই ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখার চেষ্টা অব্যাহত রাখতে হবে। সাত উইকেটে ৫১ বল হাতে রেখেই ৩২২ রান করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ দল অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ চলমান বিশ্বকাপের পয়েন্ট তালিকায় সম্মানজনক অবস্থানে রয়েছে। এভাবে খেলার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ৪০০ রান টপকিয়ে প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার সক্ষমতা বাংলাদেশ দলের রয়েছে। বাংলাদেশ দলে রয়েছে একাধিক বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন দুটি খেলায় সাফল্য এলে বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপের প্রত্যাশা পূরণে অনেক দূর এগিয়ে যাবে। দৃঢ় মনোবল, দক্ষতা ও সাহসের সঙ্গে খেললে ভারত ও পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। যেহেতু ক্রিকেট অনিশ্চিতের খেলা, তাই ক্রিকেট দলের সাফল্য-ব্যর্থতা দুটোই মেনে নেওয়ার মানসিকতা আমাদের থাকতে হবে। তবে আম্পায়ারিংয়ের দুর্বলতা, দৃষ্টিকটু, পক্ষপাতমূলক এবং বিতর্কিত সিদ্ধান্ত প্রায়ই ক্রিকেটের সম্মান ও সৌন্দর্যকে নষ্ট করে। আমরা আশা করি, আগামী প্রতিটি খেলায় আম্পায়ারগণ যথাযথভাবেই দায়িত্ব পালন করবেন। আর আমরা অর্থাত্ বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বাংলাদেশ দলের সাফল্য দেখতে অপেক্ষা করছি।               

বিপ্লব বিশ্বাস

গোয়ালচামট, ফরিদপুর