পূর্ব সুন্দরবনে দ্বিতীয় পর্যায়ে বাঘ গণনার কাজ শুরু হচ্ছে আগামী রোববার (৫ নভেম্বর)। এর আগে প্রথম ধাপের বাঘ গণনার কাজ সুন্দরবন পশ্চিম বিভাগে শেষ হয়েছে। আগামী জুলাই মাসে বাঘ গণনার ফলাফল প্রকাশ করা হবে।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, আগামী ৫ নভেম্বর পূর্ব বন বিভাগের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে দ্বিতীয় ধাপের বাঘ গণনার কাজ শুরু হবে। চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকায় ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে বাঘ গণনা কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বন ও পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। এ লক্ষ্যে চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে বনের নির্ধারিত পয়েন্টে ৩০০টি ক্যামেরা বসানো হবে।
বনবিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘ পাঁচ বছর পরে গত ১ জানুয়ারি থেকে সুন্দরবনে বাঘ গণনার কাজ শুরু করা হয়। সর্বশেষ ২০১৮ সালের গণনায় সুন্দরবনে ১১৪টি বাঘের সন্ধান পাওয়া যায়।
