বিশ্বজুড়ে এক ডজন দূতাবাস বন্ধ করছে উত্তর কোরিয়া

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০০:৩২

স্পেন, হংকং এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশসহ বিশ্বজুড়ে প্রায় এক ডজন দূতাবাস বন্ধ করার প্রস্তুতি নিয়েছে উত্তর কোরিয়া। এই পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী পিয়ংইয়ংয়ের প্রায় ২৫ শতাংশ কূটনৈতিক মিশন বন্ধ হয়ে যেতে পারে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় বলেছে, সম্প্রতি উত্তর কোরিয়ার কূটনৈতিক মিশনগুলো বন্ধ করা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি বিদেশে অর্থ উপার্জনের জন্য সংগ্রাম করছে।

সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, গত সপ্তাহে দেশটির রাষ্ট্রদূতরা অ্যাঙ্গোলা ও উগান্ডার নেতাদের সঙ্গে বিদায়ি সাক্ষাত্ করেছেন। আর এ দুটি আফ্রিকান দেশের গণমাধ্যম সেখানে উত্তর কোরিয়ার দূতাবাস বন্ধ হয়ে যাচ্ছে বলে খবর দিয়েছে। অ্যাঙ্গোলা ও উগান্ডা, উভয়েই ১৯৭০-এর দশক থেকে উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ মিত্রতার বন্ধনে আবদ্ধ ছিল। তারা সামরিক সহযোগিতা বজায় রাখার পাশাপাশি উত্তর কোরিয়ার বৈদেশিক মুদ্রার বিরল উত্সগুলোর মধ্যে ছিল। 

উত্তর কোরিয়া বিষয়ক ওয়েবসাইট এনএকে প্রো-র প্রতিষ্ঠাতা চাদ ও’ক্যারল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছেন, এক ডজনেরও মতো মিশন বন্ধ হয়ে যেতে পারে। সম্ভবত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিশ্বব্যাপী পিয়ংইয়ংয়ের বিচ্ছিন্নতার প্রবণতা ও উত্তর কোরিয়ার অর্থনৈতিক দুর্বলতার কারণেই এটা করেছে।

ইত্তেফাক/এএইচপি