দিল্লিতে আজ অনুশীলনে নামবে বাংলাদেশ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৬:৪০

ভারতে চলমান বিশ্বকাপের স্মৃতি হয়তো ভুলে যেতেই চাইবে বাংলাদেশ দল। নিজেদের সপ্তম বিশ্বকাপ খেলতে দেশটিতে বড় স্বপ্ন নিয়ে পা রাখলেও ছাড়তে হবে বড় ব্যর্থতা নিয়ে। ইতিমধ্যে টাইগারদের জন্য আসর শেষ। 

নিজেদের সাত ম্যাচের মধ্যে ছয়টিতে হেরে সবার আগে আসর থেকে ছিটকে গিয়েছেন তারা। তবে এখনো লড়াই চালাতে হবে তাদের। কারণ আসরের সবশেষ যে দুই ম্যাচ রয়েছে, সেগুলোতে জয় তুলে নিতেই হবে তাদের। না হলে ২০২৫ সালে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা হারাবে সাকিব আল হাসানরা। আগামী ৬ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টাইগাররা নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। গত পরশুই এই ম্যাচের জন্য শহরটিতে পৌঁছেছে বাংলাদেশ দল। গতকাল বিশ্রাম নিয়ে আজ থেকে শুরু করবে অনুশীলন।

এদিকে দল যখন দিল্লি যাচ্ছিল, সেসময় ভিন্ন পথে ছিল টাইগার ওপেনার লিটন দাস। জানা গেছে, লিটন দাসের স্ত্রী সন্তানসম্ভবা। মূলত স্ত্রীকে একটু সময় দিতেই দেশে ফিরেছিলেন তিনি। পারিবারিক কারণ হওয়ায় বিসিবি তার দুই দিনের ছুটি মঞ্জুর করেছে। তবে আজ দল অনুশীলনে নামার আগেই যোগ দেবেন তিনি।

দিল্লির এই স্টেডিয়ামটিকে এবারের আসরে ব্যাটারদের স্বর্গরাজ্য বললে ভুল হবে না। এখন পর্যন্ত যে চার ম্যাচ হয়েছে, এই মাঠে তার মধ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে ৪২৮ রান করেছিল প্রোটিয়ারা। যা বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এরপর ভারতের বিপক্ষে আফগানিস্তান ২৭২ রান করে। ইংল্যান্ডের বিপক্ষেও দারুণ লড়াই করে আফগানিস্তান করে ২৮৪ রান। সবশেষ ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে অস্ট্রেলিয়া করে ৩৯৯ রান। আর এমন মাঠেই নামবে ব্যর্থ বাংলাদেশ। শুধু তাই নয়, গোটা দলই ভারতে রয়েছে চরম অফফরমে। ব্যাটসম্যানদের ব্যাটে রান নেই। বোলারদের পকেটে নেই উইকেট। দেখা যাক, দেশে ফেরার আগে হাসিমুখে ফিরতে পারে কি না।

ইত্তেফাক/এএইচপি