বাইডেনের কথিত উপদেষ্টা পাঁচ দিনের রিমান্ডে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৭:০০

বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়ার ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় আসামি মিঞা আরেফির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা  চৌধুরীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। 

কাশিমপুর কারাগার  থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিঞা আরেফিকে আদালতে উপস্থিত দেখানো হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক  মো. জামাল উদ্দিন মীর। আবেদনের শুনানি শেষে আদালত তার পাঁচ  দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায়  গ্রেফতারের পর গত ৩০ অক্টোবর মিঞা আরেফিকে কারাগারে পাঠায় আদালত।

মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে ডিবি: মিঞা আরেফিকে সারওয়ার্দীর মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ডিবি। গতকাল  ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি)  মো. হারুন অর রশীদ। তিনি বলেন, ২৮ অক্টোবরের ঘটনা সম্পর্কে তাদের তথ্যে গরমিল থাকায় মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে। দেশের বাইরে থেকে  কেউ ষড়যন্ত্র করেছিল কি না, সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ডিবি প্রধান।

ইত্তেফাক/এএইচপি