শেষ চারে ওঠার লড়াইয়ে থাকা পাকিস্তান গতকাল শনিবার আফগানিস্তানকে ২২৭ রানে আটকে রাখার পর জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আফগানিস্তান বোলাররাও অবশ্য শুরু থেকে চড়াও হয় তাদের তিন উইকেট ফেলে দেয়।
এ রিপোর্ট লেখার সময় পাকিস্তান তিন উইকেট হারিয়ে ১১৩ রান তোলে।
জয়ের জন্য অবশিষ্ঠ ২৩ ওভারে সাত উইকেট হাতে থাকা পাকিস্তানের দরকার ছিল আরো ১১৫ রানের। ওই সময় মোহাম্মদ হাফিজ ১৭ ও হারিস সোহেল ১৩ রানে অপরাজিত ছিলেন ক্রীজে। আউট হওয়া ব্যাটসম্যানরা হলেন ওপেনার ফখর জামান (০), ইমাম উল হক (৩৬) ও আগের খেলায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করা বাবর আজম (৪৫)।
বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে হলে এ খেলায় জয়ের বিকল্প নেই সরফরাজ আহমেদের দলটির। সে লক্ষ্য পূরণে আফগানিস্তানকে স্বল্প রানে আটকে রেখে অর্ধেক কাজ সেরে রেখেছিল পাকিস্তান। দুই পেসার শাহিন আফ্রিদি ও ওয়াহাব রিয়াজ এবং স্পিনার ইমাদ ওয়াসিমের বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি আফগানরা।
শাহিন আফ্রিদি একাই নেন চার উইকেট। তিনি ১০ ওভারে ৪৭ রান দিয়ে উইকেটগুলো নেন। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়েও ২৮ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন তিনি। বাহাতি শাহিনের পাশাপাশি পেসার ওয়াহাব রিয়াজ ও স্পিনার ইমাদ ওয়াসিম নেন দুটি করে উইকেট।
