চলমান বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স শোচনীয়। এর মাঝে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সাকিব আল হাসানের ব্যাটে ছিল না স্পন্সরের স্টিকার। সাকিবের ব্যাটে স্টিকার না থাকায় শুরু হয়েছিল নানা আলোচনা। অবশেষে সেই প্রশ্নের জবাব নিয়ে হাজির টাইগার অধিনায়ক।
গতকাল (৪ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশ দলের অনুশীলনে সাকিবকে দেখা গেল নতুন স্পন্সর হাতে। এসজির সঙ্গে দীর্ঘ সাত বছরের সম্পর্ক ছিন্ন করে সাকিব এবার নতুন সম্পর্ক গড়লেন জার্মান কোম্পানি পুমার সঙ্গে। পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও এই টাইগার অধিনায়ক।
ভারতীয় কোম্পানি এসজির সঙ্গে চুক্তি শেষ হয়েছে টাইগার অধিনায়কের। যার কারণে সাকিবের ব্যাটে ছিল না সেই কোম্পানির স্টিকার। তবে নতুন করে সাকিবের সঙ্গে ৩ বছরের জন্য চুক্তি করতে বলা হলে তাতে রাজি হননি সাকিব।
এবার আরও বড় পরিসরে স্পন্সর পেয়েছেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচেই নতুন করে স্টিকার ব্যাটসহ দেখা যাবে তাকে। জানা গেছে, জার্মান কোম্পানি পুমার সঙ্গে চুক্তি করেছেন তিনি। মার্ক টেইলর, মাইকেল বেভান, অ্যাডাম গিলক্রিস্টরা খেলেছেন পুমা কোম্পানির ব্যাট নিয়ে। ভারতের হয়ে বিশ্বকাপ জেতা যুবরাজ সিংও খেলেছেন পুমার ব্যাটে।
