সিলেটে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৮ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ২৮ অক্টোবর রাতে সিলেট মহানগরের সুবিদবাজার এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরি হয়। ৩০ অক্টোবর বুথে গিয়ে হিসেবে ২৬ লাখ ৩২ হাজার টাকার হিসেবে গড়মিল পায় ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনায় বুথে টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট লিমিটেডের দুই কর্মকর্তার নাম উল্লেখ করে সিলেটের জালালাবাদ থানায় মামলা করেন ব্যাংকের সিলেট অঞ্চলের এটিএম বুথের ইনচার্জ সন্দীপন দাস।
গ্রেপ্তাররা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের হোসাইন আহমদের ছেলে আলবাব হোসেন লিমন (২২), মোগলাবাজার থানার নৈখাই পূর্বপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল হক (২৪) ও একই থানার নৈখাই মাঝপাড়া গ্রামের সিদ্দেক আলীর ছেলে নুরুল ইসলাম মুন্না (২৫)।
তাদের মধ্যে লিমনকে সিলেট মহানগরের শিবগঞ্জ পয়েন্ট, আমিনুলকে রাজধানীর মতিঝিল থানাধীন সাজেদা টাওয়ারস্থ সিকিউরেক্স কোম্পানির অফিস এবং নুরুলকে ভৈরব থানাধীন উজানভাটি হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। লিমন ও আমিনুল সিকিউরেকস এর কর্মকর্তা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যমতে ১৮ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে লিমনের বাসা থেকে ১০ লাখ, নুরুলের সিলেটের দক্ষিণ সুরমর কদমতলী এলাকার বাসা থেকে ৫ লাখ ৩৫ হাজার, আমিনুলের বাসা থেকে ২১ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকার মধ্যে ৬ লাখ ৭৮ হাজার টাকা আসামিরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখে দিয়েছেন এবং ১ লাখ ৪৮ হাজার টাকা তারা খরচ করে ফেলেছেন।
