পদ্মা সেতুর ১৪তম স্প্যান গতকাল শনিবার বিকাল পৌনে ৪টায় বসেছে। এতে সেতুটির ২১০০ মিটার দৃশ্যমান হলো। ‘৩-সি’ নম্বর এই স্প্যান মাওয়া প্রান্তে সেতুর ১৫-১৬ পিলারে স্থাপন করা হয়। ১৫-১৬ নম্বর পিলারের কাছে পলি জমে থাকার কারণে নির্ধারিত বৃহস্পতিবার এবং পরে শুক্রবার বসানো সম্ভব হয়নি। কারণ পিলারের কাছে পলি জমে ছিল। পরে সার্ভে করে ড্রেজিং করার পর বিশাল ভাসমান ক্রেনবাহী জাহাজটি যথাস্থানে নোঙ্গর করে। বসানো সম্পূর্ণ হওয়ার পর গতকাল বিকেলে দায়িত্বশীল প্রকৌশলীরা এটি নিশ্চিত করেছেন।
পুরো সেতুতে ২ হাজার ৯৩১টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে। আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে ২ হাজার ৯৫৯টি। ২০১৪ সালের ডিসেম্বরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ৪২টি খুঁটির মধ্যে এ পর্যন্ত ২৯টি খুঁটি সম্পন্ন হয়েছে। ২৯৪টি পাইলের মধ্যে ২৯০টি পাইল স্থাপন হয়ে গেছে। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।
