‘রোকো’ নামে ভরে যেতে পারে ভারত!

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১১:৪০

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ এখন শেষের পথে হাঁটছে। তো ভারতের মাটির এই বিশ্বকাপ শেষ হলেই ‘রোকো’ নামের জোয়ার বয়ে যেতে পারে। অন্তত ভারতে ‘রোকো’ নামের নবজাতকে ভরে যেতে পারে! ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার অন্তত তেমনটাই মনে করেন, তারকা-উন্মাদনায় ভেসে আগামীর বাবা-মায়েরা তাদের ছেলে সন্তানদের নাম রাখতে পারেন ‘রোকো’।

ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার নামের ‘রো’ এবং বিরাট কোহলির নামের ‘কো’ শব্দ যুগল মিলিয়ে আগামীতে ভারতীয় বাবা-মায়েরা নিজেদের সন্তানের নাম ‘রোকো’ রাখতে পারেন বলেই ভবিষ্যদ্বাণী করেছেন গাভাস্কার।

হঠাৎ করে তার এই ‘রোকো’ নামকরণ নিয়ে ভবিষ্যদ্বাণী করার কারণ? কারণ, নিউজিল্যান্ডের স্পিন অল-রাউন্ডার, এবারের বিশ্বকাপের অন্যতম বিস্ময় রাচীন রবীন্দ্র। ভারতীয় বংশোদ্ভূত এই কিউই ক্রিকেটারের বাবা ছেলেন নাম রাচীন রেখেছেন ভারতের ‘রাহুল দ্রাবিড়’-এর ‘রা’ এবং শচীন টেন্ডুলকারের ‘চীন’ শব্দ যুগল মিলিয়ে।

নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র প্রথম বারের মতো বিশ্বকাপ খেলতে এসেই ব্যাট হাতে একের পর এক বিস্ময় উপহার দিচ্ছেন। এরই মধ্যে ৮ ম্যাচে করেছেন তৃতীয় সর্বোচ্চ ৫২৩ রান। ৩টি সেঞ্চুরির সঙ্গে হাফসেঞ্চুরি করেছেন ২টি। পরশু পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজের তৃতীয় সেঞ্চুরির মাধ্যমে রাচীন রবীন্দ্র গড়েছেন একগাদা রেকর্ড। স্বাভাবিকভাবেই কিউই তরুণের প্রশংসায় পঞ্চমুখ গাভাস্কার।

ইত্তেফাক/এএম