বিশ্বকাপের মাঝে বরখাস্ত লঙ্কান ক্রিকেট বোর্ড, নতুন চেয়ারম্যান রানাতুঙ্গা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১২:২৯

আর কিছুক্ষণ পরেই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। তার আগে রীতিমতো ঝড় বয়ে গেছে লঙ্কান ক্রিকেট বোর্ডে (এসএলসি)। লঙ্কান ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে বরখাস্ত করেছেন বোর্ডের সব কর্মকর্তাকে। ডেইলি মিরর শ্রীলঙ্কা।

সেইসঙ্গে অন্তবর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। রানাসিংহের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, 'ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে অন্তর্বর্তী কমিটি গঠন করেছেন।'

লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে মূলত আর্থিক বিষয় নিয়ে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের বিরোধ। সেই থেকে বোর্ডের সমালোচনা করে আসছিলেন ক্রীড়ামন্ত্রী। তার সমালোচনার জবাবে পাল্টা জবাব দিচ্ছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অফিশিয়ালরাও। তবে এবার বিশ্বকাপ দলের বাজে পারফরম্যান্সের কারণে পরিস্থিতি বদলে যায়।

গত শুক্রবার (৩ নভেম্বর) ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের গভর্নিং বডিকে ‘বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ’ উল্লেখ করে এক বিবৃতিতে বলেছিলেন, বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিত। এরপরেই শনিবার পদত্যাগ করেছিলেন ক্রিকেট বোর্ড সেক্রেটারি মোহন ডি সিলভা।

ইত্তেফাক/জেডএইচ