বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে গত পরশু বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ২১ রানে হারায় পাকিস্তান। সে ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ৪০১ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে পাক ওপেনার ফখর জামান ৮১ বলে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাকে দারুণ সঙ্গ দিয়ে যান অধিনায়ক বাবর আজম। পাক অধিনায়কের ব্যাট থেকে আসে ৬৬ রান। আর এই জয়েই দলটি সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল। পরে এই ম্যাচ শেষে পাকিস্তানের এই দুই ব্যাটারের এমন ব্যাটিং নিয়ে প্রশংসা করেন ভারতীয় সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর।
বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে ভারতীয় গম্ভীর বলেন, ‘ফখর জামানের যতই প্রশংসা করুন না কেন, সেটা কম হয়ে যাবে। কারণ সে অসাধারণ ব্যাটিং করেছে। সেই সঙ্গে বাবর আজমও তাকে দারুণ ভাবে সহযোগিতা করেছেন। এক পাশে বাবর ছিল বলেই ফখর সাহসী ব্যাটিং করতে পেরেছে।’ ফখরের সঙ্গে অধিনায়ক বাবর গড়েন ২০০-র কাছাকাছি অবিচ্ছিন্ন জুটিটি।
গম্ভীরের মতে, বাবর একপ্রান্ত আগলে না রাখলে ম্যাচটা পাকিস্তানের আয়ত্তে নাও আসতে পারত। এ প্রসঙ্গে বলেন, ‘বাবর যদি টিকে না থাকত বা আরও এক-দুই উইকেট পড়ে যেত, তখন ফখর জামানও আত্মবিশ্বাসী ব্যাটিং করতে পারত না। দুজনের অসাধারণ একটা জুটি হয়েছে। এক পাশে উইকেট না পড়ার নিশ্চয়তা থাকলে আরেক পাশে আক্রমণাত্মক হওয়া যায়। আর প্রতিটি ব্যাটসম্যানেরই নিজস্ব শক্তির জায়গা থাকে। বাবর ফখরের মতো খেলতে পারে না, ফখরও বাবরের মতো খেলতে পারে না। সুতরাং জুটির দিকেই মনোযোগ দিতে হবে। অবশেষে দুই জনের জুটিই ম্যাচ জেতায়।’
