রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্দেশনায় অবরোধের প্রতিবাদ জানিয়ে শান্তি শোভাযাত্রা ও সমাবেশ করে আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠন। সোমবার (৬ নভেম্বর) দিনব্যাপী দুই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রায় ৫ হাজার মোটরসাইকেল এবং ২০টি ট্রাক যোগে হাজার-হাজার মানুষ শান্তি শোভাযাত্রা ও সমাবেশে অংশ নেন।
সরকার পতনের ইস্যু নিয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, আগুন ও অবরোধের প্রতিবাদে রাজশাহীর চারঘাট-বাঘায় উপজেলা আওয়ামী লীগ সক্রিয় রয়েছে বলে জানায় স্থানীয় আওয়ামী লীগ। সমাবেশ থেকে হরতালবিরোধী স্লোগান দিয়ে পরিবহন চালকদের সাহস যোগান আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এতে প্রতিদিনের ন্যায় স্বাভাবিক নিয়েমে চারঘাট-বাঘায় সকল প্রকার যানবাহন চলাচল করতে পেরেছে।
সরেজমিন দেখা গেছে, দেশব্যাপী বিএনপি-জামায়াত যেদিন থেকে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন ঠিক সে দিন থেকে রাজশাহীর চারঘাট-বাঘায় আওয়ামী লীগের সহযোগী একেকটি সংগঠন একেক দিন রাস্তা দখল করে মিছিল-সমাবেশ করেছে। এদিক থেকে অবরোধের পঞ্চম দিন দুই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাঘার আড়ানী পৌর মেয়র মুক্তার আলী ও চারঘাট পৌর মেয়র একরামুল হকের নেতৃত্বে প্রায় ৫ হাজার মোটরসাইকেল এবং ২০টি ট্রাক যোগে হাজার-হাজার মানুষ এই অবরোধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এতে অংশগ্রহণ করে মহিলা আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠন।
এদিকে মিছিল শেষে বিকালে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল এবং চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, অবরোধের নামে বিএনপি-জামায়াত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু এ ষড়যন্ত্র ও অবরোধ চারঘাট-বাঘায় পালন হবে না। আমরা যেকোনো মূল্যে এসব অবরোধ প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছি। তারা বলেন, আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ভালোবাসি। এটা তার নির্বাচনী এলাকা। এখানে কেবল দূরপাল্লার ঢাকাগামী বাস বন্ধ রয়েছে। এ ছাড়া জেলার সঙ্গে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এর ফলে চলছে সরকারি অফিস, ব্যাংক-বীমা, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাট-বাজারসহ সব কার্যক্রম।
