সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে তার প্রেমিক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ঐ ছাত্রীর সঙ্গে প্রেম করার সময় অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য কৌশলে মোবাইল ফোনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে বারবার ধর্ষণ করে প্রেমিক তানভীর রায়হান (৩৫)। এ ঘটনায় ভুক্তভোগী ঐ ছাত্রী থানায় মামলা করলে গতকাল শনিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে অভিযুক্ত প্রেমিক রায়হানকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তানভীর রায়হান ভোলা জেলার চরফ্যাশন থানার জিন্নাঘর এলাকার বশির হাওলাদারের ছেলে। সে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে একটি ভাড়া বাড়িতে থেকে ব্যবসা করত। ভুক্তভোগী ঐ ছাত্রী আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থেকে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তিন বছর আগে এক বন্ধুর মাধ্যমে অভিযুক্ত রায়হানের সঙ্গে ঐ বিশ্ববিদ্যালয় ছাত্রীর পরিচয় ঘটে। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিয়ের প্রলোভন দেখিয়ে আড়াই বছর আগে বিশ্ববিদ্যালয় ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে রায়হান। পরবর্তীতে মোবাইল ফোনে ঐ শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে রায়হান।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে আসছিল তানভীর রায়হান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত রায়হানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পোশাক শ্রমিক ধর্ষণের শিকার
এদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এক নারী পোশাক শ্রমিককে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী বৃদ্ধ আনা মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় ঐ নারী মামলা করেছেন। এ ব্যাপারে আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই ফজিকুল জানান, শুক্রবার রাতে জামগড়া এলাকায় কৌশলে বাড়িতে ডেকে নিয়ে নারী শ্রমিককে ধর্ষণ করেন আনা মিয়া। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
