মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ২২:২৯

দীর্ঘদিন পরে মাদারীপুর জেলার ৪টি পৌরসভার নির্বাচিত মেয়র, পৌরসভার নির্বাহী কর্মকর্তা,  সমস্ত ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান (৫৯টি ইউপি), ইউপি সচিব এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বৃন্দের অংশগ্রহণে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো মতবিনিময়, সম্মিলন,বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। উপপরিচালক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও আয়োজনে এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাদারীপুর সদর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর পৌরসভার মেয়র নাজমা রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ। 

অনুষ্ঠানে প্রথমবারের মতো ত্রৈমাসিক কার্যক্রম পর্যালোচনায় কৃতিত্ব প্রদর্শন করায় ৪টি পৌরসভার মেয়র ও নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা পুরষ্কার ও সনদ প্রদান করা হয়। ৫৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে  কার্যক্রম পর্যালোচনায় ১ম স্থান অধিকার করেন বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. সাখাওয়াত হোসেন সেলিম। কার্যক্রমের দক্ষতা ও শ্রেষ্ঠত্ব বিবেচনায় ১০ জন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সম্মাননা পুরষ্কার ও প্রশংসা সনদ অর্জন করেন। একইসাথে রেংকিং এ পশ্চাৎপদ ১০ টি ইউপির সচিবদের কর্ম অদক্ষতার কারণে সতর্ক পত্র প্রদান করা হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ মারুফুর রশীদ খান সকলকে শুভেচ্ছা বার্তা জানান ডিডিএলজি মহোদয়ের মাধ্যমে। তিনি সকলকে একযোগে কাজ করার অনুরোধ জানান। 

অনুষ্ঠান উদ্বোধক ও সদর পৌরসভার মেয়র বক্তব্যে বলেন,  নির্বাচিত জনপ্রতিনিধিদের কর্ম দক্ষতার ও জনসেবা দানের স্বীকৃতি প্রদানের এ-ই ব্যতিক্রমী আয়োজনের জন্য আমি অত্যন্ত জনবান্ধব, ডায়নামিক ও স্মার্ট ডিডিএলজি মো. নজরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার অনুরোধ করে যে কোনো সহযোগিতা প্রদানের মতামত ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি রাজৈর পৌরসভার মেয়র নাজমা রশীদ বলেন, জনপ্রতিনিধি হিসেবে অবশ্যই আমাদের অধিক সচেতন থাকতে হবে জনসেবায়। নাগরিকদের যেকোনো সেবায় সর্বোত্তম প্রচেষ্টা নিতে হবে আমাদের। বর্তমান ডিডিএলজি স্যার অত্যন্ত অমায়িক, প্রাঞ্জল ও জনবান্ধব। তার মতো এমন যোগ্য অফিসার প্রাপ্তি আমাদের মাদারীপুরের জন্য বিশেষ আশীর্বাদ।

সভাপতি তার বক্তব্যে মাদারীপুর জেলাকে স্থানীয় সরকার বিভাগ এর কার্যক্রমে দেশসেরা অবস্থানে নিয়ে যাওয়ার অঙ্গীকারে সকলের সর্বোত্তম অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। সুদীর্ঘ সময়ের অচলায়তন কাটিয়ে মাদারীপুর জেলা বর্তমানে সম্মানজনক স্থানে সমাসীন। এ ধারা অব্যাহত রখতে তিনি সংশ্লিষ্ট সকলকে সম্মিলিত ভুমিকা পালনের অনুরোধ জানান।

স্থানীয় সরকার ব্যবস্থাপনায় ও জনপ্রতিনিধিত্বশীল নেতৃত্ব প্রদর্শনে মাদারীপুর জেলা তার স্বকীয়তার প্রকাশের মাধ্যমে নিকট ভবিষ্যতে সমগ্র বাংলাদেশের রোলমডেল হয়ে ২০৪১ এর উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে।
 
অন্য বক্তার মধ্যে প্যানেল মেয়র, পৌর কাউন্সিলর, সিইও, পৌর সচিব, পৌরসভার চিকিৎসক, ইউপি চেয়ারম্যানরা, ইউপি সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

ইত্তেফাক/পিও