শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের ২১ পদ শূন্য

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০০:৪৩

শরীয়তপুর জেলা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের ২১টি পদ শূন্য রয়েছে। গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৭৮ সালে জেলা শহরে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি স্থাপন করা হয়। ১৯৮১ সালে বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। বিদ্যালয়ে শিক্ষকের ৫২টি পদ রয়েছে, যার মধ্যে দীর্ঘদিন ধরে সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। আর সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ২০টি। এ ছাড়া উচ্চমান সহকারী, অফিস সহকারী, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালী ও পরিচ্ছন্নতাকর্মীর সাত পদের ছয়টিই শূন্য রয়েছে। শুধু এক জন অফিস সহায়ক কর্মরত রয়েছেন। বর্তমানে বিদ্যালয়টিতে ১ হাজার ২৫০ জন ছাত্রী পড়ালেখা করছে। তাদের প্রভাতি ও দিবা শাখায় পাঠদান করানো হয়।

শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ১২০ জন হিন্দু ছাত্রী পড়ালেখা করছে। হিন্দু শিক্ষার্থীদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় রয়েছে। কিন্তু বিদ্যালয়টিতে এখনো ঐ বিষয় খোলা হয়নি, যার ফলে কোনো শিক্ষকে পদায়ন করা হয়নি। বিদ্যালয়ের অন্য বিষয়ের মুসলিম শিক্ষকেরা মাঝেমধ্যে বিষয়টিতে পাঠদান করেন। অনেক সময় শিক্ষার্থীদের নিজ দায়িত্বে বিষয়টি পড়তে হয়।

শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলী আকবর মিয়া বলেন, একজন শিক্ষকের সপ্তাহে ১৮ থেকে ২০টি ক্লাস নেওয়ার কথা। তাতে সুন্দরভাবে শিক্ষার্থীরা পাঠ প্রস্তুত করতে পারে। কিন্তু শিক্ষকের সংকট থাকায় একেক জন শিক্ষককে সপ্তাহে ৩২-৩৪টি ক্লাস নিতে হচ্ছে। তাতে তাড়াহুড়ো করতে হয়। ছাত্রীরাও সঠিক শিক্ষা পাচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন শিক্ষার্থী বলেন, চারুকলার ব্যাবহারিক ক্লাস আমাদের করা প্রয়োজন। কিন্তু ঐ বিষয়ের ক্লাস নেওয়া হয় না। অন্য কোনো স্যারও ব্যাবহারিক ক্লাস নেন না। এ কারণে ঐ বিষয়ের প্রতি আমাদের অদক্ষতা থেকে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘শিক্ষকের সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। কর্মরত প্রত্যেক শিক্ষককে দিয়ে দ্বিগুণ ক্লাস নেওয়া হচ্ছে। এতে শিক্ষকেরা ক্লান্ত ও অমনোযোগী হয়ে পড়েন। শিক্ষক পদায়নের জন্য শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। 

ইত্তেফাক/এমএএম