উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে হাত মেলাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি দক্ষিণ কোরিয়া সফরের সময় কিম জং উনের সঙ্গে হাত মেলাতে চান এবং তাকে হ্যালো বলতে চান। তিনি জানিয়েছেন, এই সাক্ষাত্ হতে পারে দুই মিনিটের জন্য। এটা হতে পারে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকায়। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল জি-২০ সম্মেলন থেকে এক সফরে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। উত্তর কোরিয়া এর প্রতিক্রিয়ায় বলেছে, এটা বেশ আকর্ষনীয় পরামর্শ। গত বছর সিঙ্গাপুরে ট্রাম্প ও কিম প্রথমবারের মতো বৈঠকে বসেছিলেন। এর রেশ ধরে গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে দু’জনের মধ্যে ফের বৈঠক হয়। তবে ওই বৈঠকে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ ও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মতবিরোধ হলে সম্মেলন ব্যর্থ হয়। এরপর একাধিকবার ট্রাম্প উত্তর কোরিয়ার শীর্ষ নেতার সঙ্গে বৈঠকে বসার আকাঙ্খা প্রকাশ করেছেন। -বিবিসি
