হাজারীবাগে ছুরিকাঘাতে কিশোর খুন

আপডেট : ৩০ জুন ২০১৯, ০০:৪৭

রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে  ইয়াসিন  নামে  এক কিশোর চা দোকানদার খুন হয়েছে। গতকাল শনিবার রাত দশটার দিকে  জরিনা সিকদার স্কুলের পাশে বাংলা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকার রাব্বি সিকদার জানান, ৫/৬ জন সন্ত্রাসী ইয়াসিনকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক রাত সাড়ে ১১টার দিকে ইয়াসিনকে মৃত ঘোষনা করেন। ঢামেক হাসপাতাল ক্যাম্প পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের  জন্য মর্গে রাখা আছে।

ঈদ বকশিসের ১৫’শ টাকা’ ছিনিয়ে নিতে যুবককে হত্যা

ঈদ বকশিস হিসেবে পাওয়া ১৫০০ টাকা ছিনিয়ে নিতে রমজান (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে সাতজনের একদল ছিনতাইকারী। গত ৫ জুন ঈদের আগের রাত আড়াইটার দিকে ঢাকার আসাদগেট এলাকায় এই হত্যাকান্ড ঘটে বলে  জানিয়েছেন শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি । ওসি জানান, হত্যাকান্ডে  জড়িত  শ্রীনাথ মন্ডল ওরফে হূদয়, আল আমীন, মো. রমজান, তাজুল ইসলাম কাজল, মো. শিপন, মো. রিয়াজ এবং ফয়সল নামে ৭জনকে  শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে রমজান ও আল আমীন ওই যুবককে হত্যার কথা স্বীকার করে গতকাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নিহত রমজানের গ্রামের বাড়ি লালমনিরহাটে। রাজধানীর পশ্চিম রাজাবাজারে বড় বোনের বাসায় থাকতেন তিনি। রাস্তায় থাকা গাড়ি মুছে কিছু টাকা পেতেন তিনি।