বাংলাদেশের বিপক্ষে খেলবেন গ্লেন ম্যাক্সওয়েল

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১০:৪০

গেল মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে হারতে থাকা ম্যাচ একাই জিতিয়ে নিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। সেই জয়েই পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা নিশ্চিত করেছিল এবারের আসরের সেমিফাইনাল।

আফগানদের বিপক্ষে ম্যাক্সওয়েলের ইতিহাস গড়া ইনিংস খেলে হ্যামস্ট্রিংয়ের চোটের সঙ্গে বেশ কয়েকটি জায়গায় ক্র্যাম্প দেখা দেয়। তাতে ধারণা করা হচ্ছিল হয়তো প্রথম পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে থাকবে না তিনি। তবে টাইগারদের বিপক্ষে ম্যাক্সওয়েলকে পেতে আশাবাদী অজি পেসার জশ হ্যাজেলউড।

চলমান বিশ্বকাপের শুরুটা হার দিয়ে করলেও টানা জয়ে তৃতীয় দল হিসেবে আসরের রাউন্ড রবিনে নিজেদের জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। দলটির সব শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯১ রানে ৭ উইকেট হারায় অজিরা। তখনো জয়ের জন্য অজিদের প্রয়োজন ২০১ রান, স্বীকৃত ব্যাটার বলতে উইকেটে কেবলই ম্যাক্সওয়েল।

সেখান থেকেই অধিনায়ক প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে সেই পথই পাড়ি দিলেন তিনি। তাদের দুই জনের ১৭০ বলে অবিচ্ছিন্ন ২০২ রানের জুটিতে অবিশ্বাস্য জয় পায় অস্ট্রেলিয়া। যেখানে সবচেয়ে বেশি অবদান ২০১ রানে অপরাজিত থাকা ম্যাক্সওয়েলের। কামিন্সের সঙ্গে গড়া ২০২ রানের জুটিতে ম্যাক্সওয়েল করেন ১৭৯ রান।

সেই ম্যাচে য়ে ক্র্যাম্প হওয়ায় দৌড়ে রান নিতে পারছিলেন না সেভাবে। কখনো কখনো মাঠে পড়েও গিয়েছেন। ফিজিও এসে প্রাথমিক চিকিত্সা দিয়ে আবারও খেলার উপযুক্ত করে তুলেছেন তারকা এই অলরাউন্ডারকে। পরে ম্যাচ শেষে দলের ফিজিও নিক জোন্স মুম্বায়ের গরমকে দায়ী করে ম্যাক্সওয়েলের চোটের প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘তার ডান পায়ের পেছনের পেশি, বাম পায়ের হ্যামস্ট্রিং ও বেশ কিছু জায়গায় ক্র্যাম্প হয়েছিল। ম্যাচের মধ্যে এমনভাবে পরে গিয়েছিলেন মনে হয়েছে তাকে কেউ গুলি করেছে। এমন অবস্থার পরও পুরো ম্যাচ শেষে করে এসেছেন ম্যাক্সওয়েল।’

আফগান ম্যাচের আগে মাথায় চোট পেয়ে এক সপ্তাহর বিশ্রামে ছিলেন ম্যাক্সওয়েল এরপর আবার হ্যামস্ট্রিংয়ের চোট ও ক্র্যাম্প। সব কিছু মিলিয়ে সেমিফাইনালের আগে হয়তো আর পাওয়া যাবে না ম্যাক্সিকে এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে হ্যাজেলউডের বিশ্বাস পুনেতে আগামীকালকের ম্যাচেই খেলবেন তিনি।

সদ্য নিউজ লিমিটেডকে হ্যাজেলউড বলেন, ‘হ্যাঁ! আমার মনে হয় (খেলবে)। বিষয়টা হলো পানিশূন্যতা পূরণ করা এবং নিজের ওজন আগের জায়গায় ফেরত নেওয়া। আমার মনে হয় না, সে মাঝের এই সময়ে খুব বেশি কিছু করবে। এখনো দুই দিন আছে। তো আশা করছি, সে পুরোপুরি ঠিক আছে।’

ইত্তেফাক/এএম