‘কথা শুনে না ঠিকাদাররা, সড়কে ধুলো ছড়িয়ে রাতের কাজ করে দিনে’

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ২০:৫৪

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেছেন, বিভিন্ন সংস্থা নতুন সড়ক কেটে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন। কাজের জন্য সড়ক কাটার অনুমতি দিলে, ঠিকাদাররা রাতের বেলা কাজ করার কথা থাকলেও সেই কাজ দিনের বেলায় ধুলো ছড়িয়ে করেন। বেশিরভাগ সংস্থার কথা শুনে না ঠিকাদার। তার মানে ঠিকাদাররা বেশি শক্তিশালী। এতে ক্রমেই ধুলো বালু বাড়ছে সড়কে।

শনিবার (১১ নভেম্বর) বনশ্রীতে ট্রাফিক মতিঝিল বিভাগ ও বনশ্রী সোসাইটির আয়োজিত সচেতনতামূলক অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

সেলিম রেজা বলেন, এই শহরে বসবাসের জন্য পানি, বিদ্যুৎ, গ্যাস লাগবে। তাই তাদের কাজের সুবিধার্থে আমরা সড়ক কাটার অনুমতি দেই, কিন্তু বেশিরভাগ ঠিকাদার ধুলো বালির বিষয়ে চিন্তা না করে দিনের বেলায় কাজ করেন। তাহলে ধুলো নিয়ন্ত্রণ হবে কীভাবে। সবাই মিলেই সবার ঢাকা। এ জন্য সবারই বাসযোগ্য ঢাকা করার বিষয়ে এগিয়ে আসতে হবে।

প্রধান আলোচকের বক্তব্যে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবর রহমান বলেন, গুলশান এলাকা ছাড়া ঢাকার বেশিরভাগ ট্রাফিক লাইট নষ্ট। এখানেও সমন্বয়ের ব্যাপার আছে। আমাদের জনবলও কম। তারপরেও পুরো ঢাকা শহরের মানুষকে আমাদের সেবা দিতে হয়। আমাদেরও সীমাবদ্ধতা আছে। তারপরেও আমরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। বনশ্রীতে বেশিরভাগ ভবন এখন বাণিজ্যিক হিসেবে গড়ে উঠেছে। কিন্তু সে অনুযায়ী পার্কিং ব্যবস্থা নেই। আমাদের সবার প্রচেষ্টায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ করতে হবে। প্রথমে এই রিকশায় আমরাও উঠা বন্ধ করতে হবে। ফুট ওভারব্রিজ বাদ দিয়ে মূল সড়ক দিয়ে হাঁটা বন্ধ করতে হবে। সবার সচেতনতা দরকার।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মইনুল হাসান বলেন, বনশ্রী একটি আবাসিক এলাকা। এখানে প্রায় ৪ লাখ মানুষ বসবাস করে। এলাকাবাসীর প্রয়োজনে এখানে একাধিক স্কুল-কলেজ-মাদ্রাসা, হাসপাতাল, বিপণীবিতান, অগণিত ফুড কোর্ট গড়ে উঠেছে। বেশিরভাগই সড়কের কাছে। কিন্তু পার্কিং ব্যবস্থা নেই। যার কারণে গাড়ির চাপ পড়ে সড়কে। কয়েকদফা মিটিং করেছি এসব বিষয় নিয়ে। শতভাগ ব্যাটারি চালিত রিকশা বন্ধ না করতে পারলেও আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। বনশ্রী সোসাইটি কর্তৃক ট্রাফিক কমিউনিটি পুলিশ মোতায়েন এবং সিসিটিভি স্থাপনের মাধ্যমে আগামী দিনে এই এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো. শফিকুল করিম শফিকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বনশ্রী সোসাইটির সভাপতি মো. আব্দুল কালাম। অনুষ্ঠান শেষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবর রহমান রোড ও রোড ডিভাইডারের উদ্বোধন করেন।

ইত্তেফাক/এবি