অবরোধের আগের রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মোট ৯টি গাড়িতে আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ৮টি বাস ও একটি পিকআপ পুড়ে যায়।
শনিবার দিনগত রাত ৮টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৭টি, গাজীপুরে একটি ও বরিশাল সদরে একটি গাড়িতে আগুনের খবর পাওয়া যায়।
এদিকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ও ১৯৩ জন জনবল কাজ করে।
খবর ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার দিনগত রাত ৮টা ২০ মিনিটের দিকে ঢাকার আরামবাগে নটরডেম কলেজের সামনে 'লাল সবুজ' নামে একটি বাসে আগুন দেওয়া হয়। সাড়ে ৮টায় গাবতলী বাস স্ট্যান্ডের সামনে, ৯টায় গুলিস্তান স্কয়ার মার্কেটের সামনে ও সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় বাসে আগুনের ঘটনা ঘটে।
এছাড়া একই রাতে গাজীপুরে একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়। এছাড়া রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের কাফরুল থানার সামনে, ১২টার দিকে রুপনগর থানার সামনে, রাত সাড়ে ৩টার দিকে বরিশাল সদরে এবং আজ সকাল ৬টার দিকে ঢাকার সুত্রাপুরে বাসে আগুন দেওয়া হয়।
