আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন মির্জা আব্বাস

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৭:৫৪

নিজেকে নির্দোষ দাবি করে আদালতে সাক্ষ্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিনি এই সাফাই সাক্ষ্য দেন।

রোববার (১২ নভেম্বর) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে মির্জা আব্বাসের জবানবন্দি রেকর্ড করেন বিচারক মঞ্জুরুল ইমাম। তবে তার সাক্ষ্য আংশিক হওয়ায় ১৫ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন বিচারক। সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫৪ লাখ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা হয়। রাজধানীর রমনা থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক শফিউল আলম। ২০০৮ সালের ১৬ জুন মির্জা আব্বাসের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

জানা যায়, ৩১ অক্টোবর মামলাটি সাফাই সাক্ষ্যের জন্য নির্ধারিত ছিল। কিন্তু ওইদিন মির্জা আব্বাস আদালতে হাজির হননি। এ ঘটনায় আদালত জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে শাহজাহানপুর থানার একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ইত্তেফাক/এবি