নতুন প্রজন্ম সন্ত্রাস চায় না, শান্তি চায়: শেখ পরশ

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৯:৩৮

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বাংলাদেশের নতুন প্রজন্ম সন্ত্রাস চায় না, শান্তি চায়। ব্যবসায়ীরা শান্তি চায়। বিএনপি-জামায়াত এদেশে শান্তি চায় না। তারা মুক্তিযোদ্ধার সন্তান, পুলিশকে হত্যা করেছে। তারা জনগণের ওপর অত্যাচার-নিপীড়ন চালাচ্ছে। তারা এ দেশের মানুষকে শত্রু ভাবে।

রোববার (১২ নভেম্বর) বায়তুল মোকাররম দক্ষিণ গেটে যুবলীগের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। ‘বিএনপি-জামায়াতের পুলিশ হত্যা, কাকরাইল মসজিদ ও রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে ও দেশপ্রেমিক সাংবাদিকদের ওপর হামলা ও অবৈধ অবরোধের প্রতিবাদে’ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অন্তর্গত সংসদীয় আসনভিত্তিক অবস্থান কর্মসূচি পালিত হয়।

এছাড়া গাবতলী জমিদার বাড়ি সংলগ্ন মাঠে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রার মাধ্যমে সারা দেশে একটি বার্তা পৌঁছে গেছে। আপনারা দেখেছেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা সন্ধ্যার পরে গাড়িতে অগ্নিসংযোগ করছে। যখন যুবলীগের নেতাকর্মীরা ঘরে ফিরছে, তারপর থেকেই তারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করছে। তাই আমরাও আমাদের কর্মসূচি ভিন্নতা আনতে চাই।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের কৌশল পাকিস্তানী আমলের কৌশলের মতই। পরাজিত শত্রুদের কৌশল এরকম গোপনীয় কৌশলই হয়ে থাকে। বিশ্বের অন্যান্য সন্ত্রাসী সংগঠনের সঙ্গে বিএনপি-জামাতের সন্ত্রাসীদের কোন অমিল নাই। মানুষের সামনে আসার তাদের মানসিক শক্তি নাই, তাদের কোনো কৃতিত্ব নাই, তাই তারা গোপনীয়ভাবে মানুষের ক্ষতি করছে।

যুবলীগ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়তায় রয়েছে। যেখানে উন্নয়নের অগ্রযাত্রা, যেখানে মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত হচ্ছে, যেখানে একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেখানে এই সব সন্ত্রাসী জঙ্গি কায়দায় এই ধরণের অপরাজনীতি, এই ধরণের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তারা আরও এদেশের জনগণ থেকে দূরে সরে গিয়ে একেবারে জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসী সংগঠনে রূপ নিচ্ছে। তাদের চিকিৎসা কি? তাদের চিকিৎসা একটাই তাদেরকে অবৈধ ও নিষিদ্ধ ঘোষণা করা। কারণ সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দিতে পারি না, সন্ত্রাসকে এদেশের জনগণও প্রশ্রয় দিবে না।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এমন হবে যে বাংলাদেশ সব কিছু সহজ হয়ে যাবে, সকল কার্যকলাপ সহজ হয়ে যাবে। ঘরে বসেই অনেক কাজ আপনারা করতে পারবেন।

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, মো. মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হারিছ মিয়া শেখ সাগর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শেখ নবীরুজ্জামান বাবু, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মো. গোলাম কিবরিয়া শামীমসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা।

ইত্তেফাক/এবি