ক্রিকেট একটি কথা প্রচলিত আছে, 'গোল বলের বিশ্বাস নাই।' ঠিক তেমনটাই হলো এইবার। গোল্ড কোস্টের ক্যারারা কমিউনিটি সেন্টারে প্রিমিয়ার লিগ ডিভিশন-৩ ম্যাচে ৬ বলে ৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান বোলার গ্যারেথ মরগান।
শনিবার (১১ নভেম্বর) গোল্ড কোস্টের ক্যারারা কমিউনিটি সেন্টারে প্রিমিয়ার লিগ ডিভিশন-৩–এর ম্যাচে মুদগ্রিবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল সারফার্স প্যারাডাইস। সেই ম্যাচে এমন ঘটনা ঘটিয়েছেন মরগান।
৪০ ওভারের ম্যাচটিতে আগে ব্যাট করে ১৭৮ রান সংগ্রহ করে মুদগ্রিবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব। ১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তুলে ফেলেছিল সারফার্স। মুদগ্রিবার অধিনায়ক মরগান এবিসিকে জানান, নিশ্চিত হারতে যাওয়া ম্যাচে প্রতিপক্ষের জয়সূচক রান হজমের জন্য তরুণ বোলারদের তিনি সামনে ঠেলে দেননি। এর বদলে নিজেই বল হাতে নেন। আর তা করতে গিয়েই ঘটিয়ে ফেলেন অবিশ্বাস্য ঘটনা।
মারগান তার প্রথম বলেই তুলে নেনে ৬০ বলে ৬৫ রান করা জ্যাক গারল্যান্ডকে। উইকেট তুলে নেন পরের দুই বলেও। হ্যাটট্রিক হয়ে যাওয়ার পর মরগানের মনে হতে থাকে ম্যাচটা তার দল জিততে পারে। প্রথম চার ব্যাটসম্যানকে ক্যাচ বানালেও শেষ দুজনকে করেছেন বোল্ড।
গোল্ড কোস্ট বুলেটিনকে মরগান বলেন, 'চতুর্থ বলেও একজন আউটের পর সবাই আনন্দে লাফাতে শুরু করে। আমি তখন মনে করিয়ে দিই, একটা বাউন্ডারি হলেই কিন্তু আমরা হেরে যাব।'
খেলা শেষে ক্লাবের ফেসবুক পেজে মরগানের বাবা হাউ একটি মন্তব্যে লেখেন, 'গ্যারেথ তোমাদের বলবে না। তবে একবার সে ওভারে ৫ উইকেটও নিয়েছে। ৬ উইকেট নিতে পারেনি। কারণ, প্রতিপক্ষ দলের ৫ উইকেটই বাকি ছিল।'
