জামায়াতের কবর রচনা করে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনবো: শাজাহান খান

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৮:১৭

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান বলেছেন, স্বাধীনতার শত্রু জামায়াতের কবর রচনা করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসবো। 
 
রোববার (১২ নভেম্বর) বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলার ঈদগাহ ময়দানের যুবলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।

যুবলীগের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, তার জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে। তোমাদের প্রস্তুত হতে হবে মনোবল দিয়ে, শক্তি সাহস নিয়ে, বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশে আনাচেকানাচে ছড়িয়ে পড়তে হবে। আমরা শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে না আসা পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবো না। 

তিনি আরও বলেন, অবরোধের নামে দেশের গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে যদি বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর চেষ্টা করেন, তাহলে আমরা তা হতে দেব না। বিএনপি বলেছে, আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাবো। কিন্তু আমরা যদি মাঠে নামি, বিএনপি পালানোর পথ খুঁজে পাবে না।
  
এ সময় বিএনপির অবরোধের সমালোচনা করে তিনি বলেন, অবরোধ মানে হলো বাস-ট্রেন-লঞ্চ-বিমান সব চলাচল বন্ধ থাকবে। কিন্তু সারাদেশের সবখানেই বাস-ট্রেন-লঞ্চ ও বিমান চলাচল করছে। তার মানে বিএনপির এই অবরোধ জনগণ মানে না। জনগণ তাদের সঙ্গে নেই। এই দেশের মানুষ শেখ হাসিনাকে আবারও নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনবে এবং এখানে (রাজৈর) থেকেই আগামী সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হলো।

রাজৈর উপজেলা যুবলীগ সভাপতি রেজওয়ানুল হক রেজনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আসিবুর রহমান খান, রাজৈর আওয়ামী লীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, স্থানীয় সংসদ প্রতিনিধি আফম ফুয়াদ, মাদারীপুর সদর সংসদ প্রতিনিধি আজিজুর রহমান শিবু খান, মাদারীপুর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল মজিদ রাসেলসহ অনেকে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী, জেলা পরিষদের সাবেক সদস্য নুরজাহান পারুল, পৌর কাউন্সিলর সাগর হোসেন উজিরসহ অনেক নেতাকর্মী।

ইত্তেফাক/পিও