‘নিউজিল্যান্ডের বিপক্ষে নার্ভাস থাকবে ভারত’

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৯:১৭

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগামীকাল মাঠে নামবে স্বাগতিক ভারত এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচে নিউজিল্যান্ড নয় বরং ভারত নার্ভাস থাকবে এমনটাই দাবি করেছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রস টেলর।

সম্প্রতি আইসিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘ভারত এখনো টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি। তারা ২০১৯ বিশ্বকাপের কোনো ম্যাচ না হেরে সেমিতে যায়। এরপর সেমিফাইনালে গিয়ে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।’

টেলর আরো জানান, কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের এই দল ‘বিপজ্জনক’। বলেন ‘যখন আমাদের হারানোর আর কিছু নেই, তখন নিউজিল্যান্ড দল বিপজ্জনক হতে পারে। যদি এমন কোনো দল থাকে যার মুখোমুখি ভারত নার্ভাস হবে, তবে সেটি একমাত্র দল নিউজিল্যান্ড।’ তবে ঘরের মাঠে ম্যাচ ভারত অনেক দর্শকদের সমর্থন পাবে এমনটি মাথায় রাখছে টেলর।

তবে এতে কিউইদের সমস্যা হবে না উল্লেখ করে বলেন, ‘আমি বলব গেল বিশ্বকাপের সেমিফাইনালেও ভারতের সমর্থক বেশি ছিল সম্ভবত প্রায় ৮০% ভারতীয় ছিল, আর যেখানে নিউজিল্যান্ড তাদের বন্ধু এবং তাদের পরিবার আর কিছু ইংল্যান্ডের দর্শকদের সমর্থন পেয়েছিল।’

ইত্তেফাক/এএম